কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক যুবক দ্বিখন্ডিত

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ
কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক যুবক দ্বিখন্ডিত

গাজীপুরের কালিয়াকৈরে জয়দেবপুর-রাজশাহী রেললাইনে ট্রেনে কাটা পড়ে দ্বিখন্ডিত হয়ে মারা গেছেন এক যুবক। বৃহস্পতিবার ভোরে উপজেলার সোনাখালী এলাকায় রেলক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের সোনাখালী এলাকায় জয়দেবপুর-রাজশাহী রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় ওই যুবক উত্তরবঙ্গগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে। ওই ট্রেনে কাটা পড়ে দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই ওই যুবক মারা যান। তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরণের পোশাকও পাওয়া যায়নি। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এব্যাপারে জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ি পুলিশের ইনচার্জ ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে জানানো হয়েছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

Ads