কলকাতা অগ্নিকাণ্ড : বাবা-মা-ভাই হারা মহিমার শিক্ষার দায়িত্ব নিল এডুকেয়ার

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
কলকাতা অগ্নিকাণ্ড : বাবা-মা-ভাই হারা মহিমার শিক্ষার দায়িত্ব নিল এডুকেয়ার

কলকাতার ভয়াবহ অগ্নিকাণ্ডে বাবা-মা ও ছোট ভাইকে হারিয়ে সাত বছর বয়সেই অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে কুষ্টিয়ার শিশু মহিমা দত্ত। স্বজন হারানোর শোকের মধ্যেই এবার তার পাশে দাঁড়িয়েছে কুষ্টিয়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। মহিমার এইচএসসি পর্যন্ত পড়াশোনার যাবতীয় দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

মহিমা এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কেজি শ্রেণির ছাত্রী। তার বাবা দেবাশীষ দত্ত (৩৯) আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন।
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় দমবন্ধ হয়ে নয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বাংলাদেশের সাতজন নাগরিক ছিলেন। তাদের মধ্যে রয়েছেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন (২৭), তাদের তিন বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর আকরাম হোসেন (৬৪)।

বাবা-মায়ের সঙ্গে ভারতে যাওয়ার কথা থাকলেও দেবাশীষ তার সাত বছরের মেয়ে মহিমাকে কুষ্টিয়ায় ঠাকুমা-ঠাকুরদার কাছে রেখে গিয়েছিলেন। ভয়াবহ ওই দুর্ঘটনায় একসঙ্গে বাবা, মা ও ছোট ভাইকে হারিয়ে এখন মহিমার পৃথিবী বলতে তার দাদা-দাদিই।

স্বজন হারানোর এই কঠিন সময়ে মহিমার ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছিল উদ্বেগ। এমন পরিস্থিতিতে তার শিক্ষাজীবন যাতে থেমে না যায়, সে দায়িত্ব নিয়েছে এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

বৃহস্পতিবার সকালে মহিমার বাবা-মা ও ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেলসহ শিক্ষকরা তার বাড়িতে যান। তারা মহিমার ঠাকুমা-ঠাকুরদার সঙ্গে কথা বলেন, পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মহিমার পড়াশোনার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

এডুকেয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, মহিমার এইচএসসি পর্যন্ত স্কুলের বেতন, পরীক্ষার ফি, বই-খাতা, কলমসহ শিক্ষা-সংক্রান্ত প্রয়োজনীয় সব খরচ প্রতিষ্ঠানটি বহন করবে।

এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেল বলেন, “মহিমা দত্তের এইচএসসি পর্যন্ত পড়াশোনার সব দায়িত্ব আমরা নিয়েছি। স্কুলের বেতন, পরীক্ষার ফি, বই-খাতা, কলমসহ প্রয়োজনীয় সব খরচ এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বহন করবে। বাবা-মায়ের অভাবে যেন তার পড়াশোনা কোনোভাবেই বন্ধ না হয়, সেটিই আমাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, “শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। মহিমার শিক্ষাজীবনের শুরু থেকে এইচএসসি পর্যন্ত আমরা তার পাশে থাকার চেষ্টা করব।

এদিকে এডুকেয়ারের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন মহিমার ঠাকুমা-ঠাকুরদা, পরিবারের সদস্য এবং দেবাশীষ দত্তের সহকর্মীরা। তারা বলেন, বাবা-মা ও ভাইকে হারিয়ে মহিমা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে তার পড়াশোনার দায়িত্ব নেওয়া অত্যন্ত মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ।

স্বজন হারানোর গভীর শোকের মধ্যেও মহিমার শিক্ষাজীবন যেন থেমে না যায়, এ উদ্যোগকে তাই একটি শিশুর ভবিষ্যৎ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Ads