কালিয়াকৈরে অটোরিকশা বন্ধের অভিযানে হামলার শিকার পুলিশ, আহত-৩ আটক-৪

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
কালিয়াকৈরে অটোরিকশা বন্ধের অভিযানে হামলার শিকার পুলিশ, আহত-৩ আটক-৪

গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়কে অবৈধ অটোরিকশা বন্ধের অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে হাইওয়ে পুলিশ। তাদের হামলায় আহত হয়েছেন তিন কমিউনিটি পুলিশ। শনিবার দুপুরে উপজেলার সফিপুর আনসার একাডেমির সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ ম্যানেজ করেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেদাচ্ছে চলছে অবৈধ অটোরিকশাসহ তিন চাকার যান। কিন্তু শনিবার দুপুরে হঠাৎ করেই মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধে অভিযান চালায় হাইওয়ে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন মহাসড়কে চলাচলরত অটোরিকশা চালকরা। পুলিশ ওই অভিযান চালিয়ে মহাসড়কের সফিপুর আনসার একাডেমির সামনে উল্টোপথে অটোরিকশা চলাচল বন্ধের চেষ্টা চালায়।

এসময় কয়েকজন অটোরিকশা চালক পুলিশের ওপর ও তাদের গাড়িতে হামলা করে। অটোরিকশা চালকদের হামলায় তিনজন কমিউনিটি পুলিশ আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেন পুলিশ। এ হামলার ঘটনার সাথে জড়িত সন্দেহে সাইফুল ইসলাম (৪২), সেলিম হোসেন (২১), লিটন মিয়া (৩৮) ও আরমান হোসেন (৩৯) নামে চারজনকে আটক করে পুলিশ।

এব্যাপারে নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Ads