কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি নিহত

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি নিহত

গাজীপুরের কালিয়াকৈরে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় শ্রবণ প্রতিবন্ধী এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকালে জয়দেবপুর-রাজশাহী রেললাইনের উপজেলার পূর্বচান্দরা ছাপড়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন, সুনামগঞ্জের শালনা থানার আঙ্গুরিয়া এলাকার হরিধণ দাসের ছেলে অমর দাস (৫০)। তিনি শ্রবণ প্রতিবন্ধী ছিলেন।

এলাকাবাসী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, অমর দাস তার স্ত্রী-সন্তান নিয়ে দীর্ঘ দিন আগে সুনামগঞ্জ থেকে জীবিকার তাগিদে গাজীপুরের কালিয়াকৈরে আসেন। পরে তিনি উপজেলার পূর্বচান্দরা ছাপড়া মসজিদ এলাকার রিয়াজ মিয়ার বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি ওই এলাকায় জয়দেবপুর-রাজশাহী রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রেন ওই শ্রবণ প্রতিবন্ধীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই শ্রবণ প্রতিবন্ধী অমর দাসকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ফারুক হোসেন জানান, এ ঘটনাটি স্থানীয় রেল স্টেশন মাস্টার আমাদের জানায়নি। তবে বিষয়টি আমাদের জানালে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Ads