নন্দীগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মেডিকেল ক্যাম্প

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
নন্দীগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মেডিকেল ক্যাম্প

বগুড়ার নন্দীগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিমাসে একটি করে মেডিকেল ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৪ আগস্ট) দিনব্যাপী উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেঁতুলিয়া কমিউনিটি ক্লিনিকে জরায়ুমুখ ক্যান্সার শনাক্তকরণে ভায়া পরীক্ষা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ৫১ জন নারীর জরায়ুমুখ ক্যান্সার শনাক্তকরণে ভায়া পরীক্ষা করা হয়। এছাড়া আরও ৭৬ জন রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।

ক্যাম্পে উপস্থিত থেকে চিকিৎসাসেবা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার লাকী আকতারসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় এলাকার অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা এবং বিভিন্ন রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন বলেন, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের আন্তরিক সহযোগিতা ও নির্দেশনায় প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Ads