ভোক্তা অধিকার অভিযানে ঝিনাইদহে তিন প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
ভোক্তা অধিকার অভিযানে ঝিনাইদহে তিন প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে বাজার তদারকিমূলক অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, খোলা অবস্থায় খাদ্যদ্রব্য সংরক্ষণ, অনুমোদনহীন রং ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর বাজার ও চরমুরারীদহ এবং শৈলকুপা উপজেলার ভাটই বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে অভিযানে ভাটই বাজারের বিভিন্ন মিষ্টির দোকান ও হোটেলে তদারকি করা হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ, খোলা অবস্থায় খাদ্যদ্রব্য সংরক্ষণ, খোলা লবণ ব্যবহার, অনুমোদনহীন রং ব্যবহার এবং ফ্রিজে কাঁচা ও রান্না করা বাসি খাবার একসঙ্গে সংরক্ষণসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।

এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ভাটই বাজারের লিমন হোটেলকে ১০ হাজার টাকা এবং আল ফুরকান সুইটসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, ঝিনাইদহ সদর উপজেলার চরমুরারীদহ এলাকার মগের মুল্লুক হোটেলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও ফ্রিজে কাঁচা ও রান্না করা বাসি খাবার একসঙ্গে সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া আরাপপুর বাজারে ডিমের পাইকারি দোকান ও মুদি দোকানগুলোতে তদারকি করে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন ঝিনাইদহ জেলা পুলিশের একটি দল। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে।

Ads