নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৬৫ দাঁড়িয়েছে , নিখোঁজ ১৩ শতাধিক

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৬৫ দাঁড়িয়েছে , নিখোঁজ ১৩ শতাধিক

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৬৫ জনে। একই সঙ্গে এখনও নিখোঁজ রয়েছেন ১৩ শতাধিক । নিখোঁজদের বড় একটি অংশ বিদেশি নাগরিক ও পর্যটক, এর মধ্যে ১৪২ জন ভারতীয়।

নেপাল পুলিশের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভিন্ন জেলা থেকে এই পর্যন্ত ১৬৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চিতওয়ানের ভাটি অঞ্চল থেকে ৬৪টি এবং পূর্ব নাওয়ালপরাসি থেকে আরও ২৬টি মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে নুয়াকোটে ১১ জন, ধাদিংয়ে ১৮, চিতওয়ানে ৩৩, গোর্খায় ১৯, তানাহুঁতে সাত এবং নওয়ালপুরে ১১ জন রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক। তাদের মধ্যে শতাধিক ভারতীয়, ৫৪ জন যুক্তরাষ্ট্রের এবং ৩৩ জন যুক্তরাজ্যের নাগরিক রয়েছেন। এ ছাড়া শতাধিক নেপালি নাগরিকও নিখোঁজ রয়েছেন।দুর্যোগের পর থেকে কয়েক ডজন পুলিশ কর্মকর্তা, সেনাসদস্য ও বিদ্যুৎকর্মীরও সন্ধান পাওয়া যাচ্ছে না।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল পার্লামেন্টে জানিয়েছেন, নিখোঁজদের মধ্যে ২৬ জন পুলিশ সদস্য, নয়জন সশস্ত্র পুলিশ কর্মকর্তা এবং ৪৪ জন সেনাসদস্য রয়েছেন। ট্যুর অপারেটরদের তথ্য অনুযায়ী, নিখোঁজদের একটি বড় অংশ ভারত-নেপাল সীমান্ত হয়ে মানস সরোবরের উদ্দেশে যাত্রা করছিলেন।

বুধবার বাগমাতি প্রদেশের রসুয়া, নুয়াকোট, ধাদিং, চিতওয়ান, গোর্খা, তানাহুঁ ও নওয়ালপুর জেলায় এই দুর্যোগ আঘাত হানে।প্রবল স্রোত ও ভূমিধসে নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। নেপাল পুলিশ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা গেছে, নদীর প্রবল স্রোতে ঘরবাড়ি ভেসে যাচ্ছে।

অনেক স্থাপনা কাদামাটির নিচে চাপা পড়েছে; কোথাও শুধু বাড়ির ছাদ দেখা যাচ্ছে। বন্যা ও ভূমিধসে নেপালের বিদ্যুৎ অবকাঠামোও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। দেশটির বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ মিলিয়ে প্রায় ৪৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে।

উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। উদ্ধার অভিযানে নেপাল সেনাবাহিনী হেলিকপ্টার ও উদ্ধারকর্মী মোতায়েন করেছে। একই সঙ্গে নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Ads