কালিয়াকৈরে কারখানা কর্মকর্তাকে হত্যাসহ দুইটি লাশ উদ্ধারে উদ্বেগ

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ
কালিয়াকৈরে কারখানা কর্মকর্তাকে হত্যাসহ দুইটি লাশ উদ্ধারে উদ্বেগ

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের তিনদিন পর শনিবার দুপুরে শালবন থেকে পোশাক কারখানার এক কর্মকর্তার অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর ওই শালবনে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। এছাড়াও অপর এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। আর ওই দুটি লাশ উদ্ধারে উদ্বেগ প্রকাশ করে নজরদারী বৃদ্ধির দাবী জানিয়েছেন এলাকাবাসী।

নিহত পোশাক কারখানা কর্মকর্তার নাম মশিউর রহমান (৫০)। তিনি কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার জিএস গার্মেন্টস নামে পোশাক কারখানার জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। অপর নিহত যুবক রংপুরের পীরগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকার জহিরুল ইসলামের ছেলে নাদিম হোসেন। তিনিও পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, মশিউর রহমান তার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে গাজীপুর সিটি করপোরেশনের রাজেন্দ্রপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। তিনি সেখানে বাসা ভাড়া থেকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার জিএস গার্মেন্টস নামে পোশাক কারখানার জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু গত বুধবার সকালে তার কর্মস্থল ওই কারখানার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ওই কর্মকর্তা মশিউর।

শনিবার সকালে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকার গহীন শালবনে গলায় রশি পেঁচানো অবস্থায় এক লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ওইদিন দুপুরে ঘটনাস্থলে গিয়ে নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করে। এসময় নিহতের পরিহিত প্যান্টের পকেটে থাকা মোবাইল থেকে ওই পোশাক কর্মকর্তার পরিচয় নিশ্চিত করে পুলিশ। তবে তার শরীরের বিভিন্ন অংশে ঝলসে যাওয়ার চিহ্নও রয়েছে। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর ওই শালবনের ভেতরে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসীর অভিযোগ, ওই গলাচিপা শালবনের নির্জনতার সুযোগ নিয়ে মাঝেমধ্যেই অপরাধীরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকা- ঘটিয়ে থাকে। এর আগেও বনের ভেতরে মরদেহ ফেলে যাওয়ার মতো ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।

এদিকে শুক্রবার রাতে উপজেলার কামরাঙ্গাচালা এলাকা থেকে নাদিম হোসেন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি ওই এলাকায় নসরুল ইসলামের বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। অপরদিকে ওই দুটি লাশ উদ্ধারের পর উদ্বেগ প্রকাশ করে নজরদারী বৃদ্ধির দাবী জানিয়েছেন এলাকাবাসী।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ওই দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে এসব বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Ads