পথচারীদের চলাচল নিরাপদ করতে পীরগঞ্জে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সরওয়ার জাহান, ভ্রাম্যমান প্রতিনিধি পীরগঞ্জ(রংপুর):
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
পথচারীদের চলাচল নিরাপদ করতে পীরগঞ্জে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রংপুরের পীরগঞ্জ পৌর শহরের যানজট নিরসন এবং পথচারীদের নিরাপদে চলাচল নিশ্চিত করতে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে পীরগঞ্জ পৌর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ বাসষ্ট্যান্ড থেকে থানা ব্রীজ পর্যন্ত অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহমুদুল হাসান। এ সময় পীরগঞ্জ থানার পুলিশ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ তার সাথে ছিলেন। অভিযানের সময় ফুটপাত দখল করে গড়ে তোলা শেড ও অবৈধ স্থাপনা এক্সেলেভেটর (ভেকু) দিয়ে উচ্ছেদ করা হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা আসছিলেন। এতে চরম ভোগান্তিতে পড়তে হতো পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের। বিষয়টি নজরে আসার পর একাধিকবার মৌখিক ও মাইকিং করে সতর্কতা জারি করা সত্ত্বেও অবৈধ দখলদাররা জায়গা ফাঁকা না করে নতুন করে স্থাপনা তৈরী করে ফুটপাত বন্ধ করে দেয়। ফলে জনচলাচলে চরম দূর্ভোগের সৃষ্টি হয়। সড়কে তীব্র যানজটসহ প্রায়ই দূর্ঘটনা ঘটছিল। এ বিষয়ে পথচারী ও শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে এই উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌর প্রশাসন।

ইউএনও ও পৌর প্রশাসক মাহমুদুল হাসান জানান, পৌর শহরকে পরিচ্ছন্ন, সুন্দর এবং যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ফুটপাতে পথচারীদের নিরাপদ চলাচলের সুবিধার্থে কোনো আর ফুটপাত দখল করে স্থাপনা তৈরী বরদাশত করা হবে না। এই অভিযান অব্যাহত থাকবে।

উচ্ছেদ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দারা। তারা পৌরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্থায়ীভাবে ফুটপাত দখলমুক্ত রাখার দাবি জানিয়ে বলেন। এই উচ্ছেদ অভিযান যেন ‘‘বজ্র আটুনি ফসকা গেরো’’ না হয়।

Ads