মিডিয়া গণতন্ত্রের স্তম্ভ – তথ্য ও সম্প্রচারমন্ত্রী

শরিফ হোসাইন, বিশেষ প্রতিনিধি ভোলা ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
মিডিয়া গণতন্ত্রের স্তম্ভ – তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, মিডিয়া গণতন্ত্রের একটি স্তম্ভ। এখন গণমাধ্যম মুক্ত। আপনারা আমাদের কাজগুলো ভালো নাকি মন্দ সে বিষয়টি নিয়ে সমালোচনা করবেন। তবে এই সমালোচনা হবে আমাদের কাজে স্বচ্ছতা বজায় রাখার জন্য এবং আমাদেরকে সহযোগিতার জন্য।

আপনাদের এই দিকটিও লক্ষ্য রাখতে হবে যেন, আপনাদের একটি কলমের খোচায় কারো জীবন, ক্যারিয়ার, মান-সম্মান নষ্ট না হয়। এটা আপনাদের নৈতিক দায়িত্ব। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সংবাদ ছড়িয়ে পড়ার বিষয়টিও তুলে ধরেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব দ্রুত বিভিন্ন ধরনের সংবাদ ছড়িয়ে পড়ছে। কিন্তু অনেক ক্ষেত্রেই মানুষ এসব সংবাদকে ‘ফেক নিউজ’ মনে করে। এর অন্যতম কারণ হিসেবে মানুষের কাছে সংবাদের বিশ্বাসযোগ্যতা কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি।

পার্থ বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের সত্য ও নির্ভরযোগ্য তথ্য তুলে ধরতে হবে। একই সঙ্গে এমনভাবে সংবাদ প্রকাশ করা উচিত নয়, যাতে কারও অযাচিত সম্মানহানি ঘটে। কাউকে অতিরিক্ত প্রশংসা করাও সাংবাদিকতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, শুধু নীতিমালা প্রণয়ন করে মানুষকে ভালো করা যায় না, হয়তো নীতিমালা করে আইন করতে পারবো। মানুষ হিসেবে আমাদের নীতি ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে।

আন্দালিভ রহমান পার্থ বলেন, আমার রাজনৈতিক জীবন ও দলের আদর্শ সম্পর্কে আপনারা সবাই অবগত। আমি সাংবাদিকদের মধ্যে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে পছন্দ করি না। তিনি আরও বলেন, দেশে অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে; এখন দরকার গুণগত উন্নয়ন।

দেশের উন্নয়ন প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, দেশে অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে। এখন প্রয়োজন গুণগত উন্নয়ন। শুধু অবকাঠামো নির্মাণ নয়, মানুষের জীবনমান, মূল্যবোধ ও সামাজিক পরিবেশের উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। তরুণ সমাজের মূল্যবোধের অবক্ষয় রোধে গ্রাম পর্যায়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে স্থানীয় জনগণ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনু’র সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. শমীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, ভোলার প্রথম সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ তাহের, দৈনিক আাজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, জেলা বিএনপি’র সদস্য সচিব রাইসুল আলম, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র সভাপতি আমিরুল ইসলাম রতন, জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি জিয়াউল মোর্শেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তরের জেলা সেক্রেটারি মাওলানা আতাউর রহমান মোমতাজি প্রমূখ।

অনুষ্ঠানে ভোলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ভোলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন।

Ads