বারোবাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
বারোবাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে বারোবাজার আখ সেন্টারের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

বেশ কিছুদিন ধরে তাকে বারোবাজার ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেলেও তার নাম-পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি স্থানীয়রা। বারোবাজার স্টেশনমাস্টার মোবাশ্বের হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বারোবাজার আখ সেন্টারের সামনে পৌঁছালে ওই ব্যক্তি রেললাইনে চলে আসেন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানা গেছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী জানান, ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর তারা পেয়েছেন। এ ঘটনায় রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Ads