দৌলতপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ
দৌলতপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে নদীর ধারে বসে থাকা অবস্থায় বজ্রপাতে আরোজ আলী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরোজ আলী নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দৌলতপুরের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে। একপর্যায়ে বৃষ্টি ও মেঘের গর্জন শুরু হয়। এ সময় আরোজ আলী বাড়ির পাশের নদীর ধারে বসে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পড়ে যান।

বজ্রপাতের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আরোজ আলীকে মৃত ঘোষণা করেন।

বিশেষজ্ঞদের মতে, মেঘলা আকাশ ও বজ্রপাতের সময় নদীর তীর, মাঠ কিংবা অন্য কোনো খোলা জায়গায় অবস্থান করা ঝুঁকিপূর্ণ। এ সময় দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া প্রয়োজন। একই সঙ্গে বজ্রপাতের সময় গাছের নিচে না দাঁড়ানো এবং নদী বা জলাশয়ের কাছাকাছি অবস্থান না করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

 

Ads