সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু হাসপাতাল ভাঙ্গচুর

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু হাসপাতাল ভাঙ্গচুর

সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ ‘পুরাতন কমিউনিটি হাসপাতালে চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসায় শিউলী খাতুন (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রসুতির মৃত্যুতে হাসপাতালে হামলা চালিয়ে ভাঙ্গচুর করেছে স্বজনরা।

নিহত শিউলী সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া গ্রামের মো. মাহিমের স্ত্রী। এ ঘটনায় ক্লিনিক পরিচালক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

নিহতের পরিবার সূত্র জানায়, গত ১৭ সেপ্টেম্বর প্রসববেদনা উঠলে শিউলী খাতুনকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। দুপুর ২টার দিকে সার্জন ডা. সুলতান মাহমুদ ও অ্যানেস্থেটিস্ট ডা. রোমেলের উপস্থিতিতে তাঁর সিজারিয়ান অপারেশন হয়। বেডে নেওয়ার পর রোগী বুকে তীব্র ব্যথা অনুভব করলে স্বজনরা বিষয়টি পরিচালক মো. কামাল তালুকদার ও চিকিৎসকদের জানান। পরে পরিস্থিতি জটিল দেখে সন্ধ্যা ৬টার দিকে প্রসূতিকে পুনরায় দ্বিতীয়বারের মতো অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়।

দীর্ঘ ৮ ঘণ্টা ওটিতে রাখার পর ১৮ সেপ্টেম্বর রাত ২টার দিকে প্রসূতিকে বের করা হয়। স্বজনদের অভিযোগ, সম্পূর্ণ অচেতন অবস্থায় ক্লিনিক কর্তৃপক্ষ নিজস্ব অ্যাম্বুলেন্সে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা মরদেহ নিয়ে ক্লিনিকে ফিরে এসে ক্ষোভ প্রকাশ করেন এবং বিচারের দাবিতে হাসপাতালের লা্থইসেন্নাস বাতিল ও দোষিদের শাস্তির দাবিতে বিক্ষোভসহ ভাঙ্গচুর করে।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘটনার বিষয়ে জানতে সিরাজগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীনকে
একাধিকবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, উক্ত হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত ১৯ মে সাবিনা খাতুন (২৪) নামে এক নারী অ্যাপেনডিক্স অপারেশনের পর চিকিৎসকদের অবহেলায় প্রাণ হারান।

Ads