জাতিসংঘে অপমানিত ওয়াশিংটন; ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা রুখে দিল রাশিয়া ও চীন

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
জাতিসংঘে অপমানিত ওয়াশিংটন; ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা রুখে দিল রাশিয়া ও চীন

ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে গঠিত ১৭৩৭ কমিটির সহায়তাকারী বিশেষজ্ঞ প্যানেলের ম্যান্ডেট বাড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি প্রস্তাব বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীন ভেটো দিয়েছে।

এর ফলে তেহরানের ওপর বহুপাক্ষিক নিষেধাজ্ঞার চাপ পুনর্বহালের জন্য ওয়াশিংটনের প্রচেষ্টা একটি কৌশলগত ধাক্কা খেল।

ইরানের জাতিসংঘ মিশন দ্রুত এই ফলাফলকে স্বাগত জানিয়ে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের পক্ষে অবস্থান নেওয়ার জন্য মস্কো ও বেইজিংয়ের প্রতি ‘গভীর কৃতজ্ঞতা’ প্রকাশ করেছে।

প্রস্তাবটির পক্ষে ১১টি ভোট পড়ে, আর সোমালিয়া ও পাকিস্তান ভোটদানে বিরত থাকে। তবে নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্যের বিপক্ষে ভোট তথা ভেটোই প্রস্তাবটির গ্রহণ ঠেকানোর জন্য যথেষ্ট ছিল।

ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের প্রতিনিধি ফু কং খসড়া প্রস্তাবের বিরোধিতা করেছেন এবং পরিষদকে “দায়িত্বশীল পদক্ষেপ” গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি ইরানের ওপর মার্কিন হামলাকে “বর্তমান সংকটের মূল কারণ” হিসেবে অভিহিত করেছেন এবং বলেছেন, নিষেধাজ্ঞা উত্তেজনা বাড়াতে ভূমিকা রাখবে।

ফু আরও উল্লেখ করেন যে, ২০২৫ সালের ১৮ অক্টোবর রেজোলিউশন ২২৩১-এর মেয়াদ শেষ হয়েছে এবং তিনি জোর দিয়ে বলেন যে, ইরানের পারমাণবিক ইস্যুতে নিরাপত্তা পরিষদের বিবেচনা শেষ পর্যায়ে পৌঁছেছে। বেইজিং নিরাপত্তা পরিষদকে একপাক্ষিক লক্ষ্য অর্জনের মঞ্চে পরিণত করার বিরোধিতা করেছে এবং সব পক্ষকে বহুপাক্ষিকতার বিশ্বাসযোগ্যতা রক্ষা এবং ইরানের পারমাণবিক ইস্যুর রাজনৈতিক সমাধানের জন্য পরিবেশ তৈরি করতে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।

নিরাপত্তা পরিষদে রাশিয়ার প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়াও ১৭৩৭ কমিটিকে “অবৈধ” বলে অভিহিত করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে, স্ন্যাপব্যাক ব্যবস্থা সক্রিয় নয় এবং ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পূর্ববর্তী রেজোলিউশনগুলো পুনর্বহাল হয়নি।

২০২৫ সালের ১৮ অক্টোবর প্রস্তাব বা রেজোলিউশন ২২৩১-এর মেয়াদ শেষ হওয়ার বিষয়ে উল্লেখ করে নেবেনজিয়া মস্কোর অবস্থান পুনর্ব্যক্ত করেন যে, ওই প্রস্তাব বা রেজোলিউশনের মেয়াদ শেষ হয়ে গেছে এবং এটি আর পরিষদের এজেন্ডায় নেই। তিনি বলেন, এই ইস্যুতে অনুষ্ঠিত বৈঠকের আইনি ও পদ্ধতিগত ভিত্তি নেই এবং স্ন্যাপব্যাক ব্যবস্থার আহ্বান করে বৈধতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে তিনি প্রত্যাখ্যান করেন।

নেবেনজিয়া আরও বলেন, রাশিয়া বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ বাড়ানোর বিপক্ষে ভোট দিয়েছে কারণ এটি ১৭৩৭ কমিটিকে অবৈধ মনে করে। তাঁর মতে, স্ন্যাপব্যাক ব্যবস্থা কার্যকর হয়নি এবং ইরানের বিরুদ্ধে পূর্ববর্তী ১৭৩৭ ও ১৯২৯ রেজোলিউশন পুনর্বহাল হয়নি।

রাশিয়ার এই প্রতিনিধি আরও যোগ করেন যে, মস্কো ভোটের আগে খসড়া প্রস্তাবের পৃষ্ঠপোষকদের এমন পদক্ষেপের পরিণতি সম্পর্কে সতর্ক করেছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্যানেলের মেয়াদ বাড়ানোর জন্য পীড়াপিড়ি করে রাজনৈতিক সংঘাতের পথ বেছে নিয়েছে। তিনি এই পদক্ষেপকে ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে পশ্চিমা দেশগুলোর “উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ”-এর অংশ হিসেবে বর্ণনা করেছেন।

Ads