বিএনপি আট দফা না মানলে এ আন্দোলন এক দফায় পরিণত হবে সিরাজগঞ্জে জামায়াত আমির

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
বিএনপি আট দফা না মানলে এ আন্দোলন এক দফায় পরিণত হবে সিরাজগঞ্জে জামায়াত আমির

১১ দলীয় ঐক্যের আট দফা দাবিতে ঢাকা টু রংপুর লংমার্চে সিরাজগঞ্জের হাটিকুমরুলের বিশাল জনসভায় জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা বলেছেন বিএনপি আজকের আট দফা না মানলে এই আন্দোলন এক দফায় পরিণত হবে।

তিনি বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে বিএনপি জনগণের সাথে বেইমানি করেছে। জনগণের সাথে প্রতারণা করেছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে। সারাদেশব্যাপি দখলদারি, চাঁদাবাজি লুটপাট ও সন্ত্রাসের রাজ্বত্য কায়েম করেছে। স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জুলাইয়ের দাবি ছিল দেশের সংস্কার,গণহত্যার বিচার,গণভোটের রায় বাস্তবায়ন। কিন্তু বিএনপি জুলাই চেতনা পদদলিত করে একচেটিয়া দলীয় করণ করা হয়েছে।

তারা ফ্যাসিবাদের পথেই হাটছে। যা চলতে দেয়া যায়না। জনগণের গণভোটের রায় বাস্তবায়নে আপনাদের বাধ্য করা হবে। ঢাকার মানিক মিয়া এভিনিউ থেকে লংমার্চ রওনা হয়ে জামায়াত আমির ডা.শফিকুর রহমান পথসভা করতে করতে দুপুর দুইটায় সিরাজগঞ্জের হাটিকুমরুলের জনসভায় এসে পৌঁছান।

জামায়াত আমির মঞ্চে উঠেই জনতার উদ্দেশ্যে হাত নেড়ে বলেন, কাঠফাটা রোদের মধ্যে আপনাদের দাঁড়িয়ে থাকাই প্রমাণ করে আট দফা দাবি আদায়ে আপনারা প্রস্তুত আছেন। এটা দেখে আমাদের আস্থা বেড়ে গেলো। আট দফা দাবি না মানলে এক দফার জন্য আপনারা প্রস্তুত হোন। দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।

এনসিপি আহবায়ক ও সংসদে বিরোধী দলীয় চীপ হুইপ নাহিদ ইসলাম বলেন, “আমরা ৭০ ভাগ মানুষ গণভোটের রায় দিয়েছিলাম। ফ্যামিলি কার্ড দিয়ে কর্মসংস্থান করার কথা বলেিছলেন, কিন্তু সেটা কি হয়েছে? হয় নাই। বিদ্যূত সংকট,গ্যাস সংকট, সার সংকট প্রকট আকার ধারণ করেছে।

ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানোর পায়তারা করছেন। আমরা বারবার জুলাইয়ে জনগণের রায় বাস্তবায়নের কথা বলেছি। কিন্তু বিএনপি নানা অজুহাতে তা করছে না। সংসদে প্রতিবাদ ও রাজনৈতিকভাবে বিষয়টি তুলে ধরার পরও যদি জনগণের প্রত্যাশা পূরণ না হয়, তাহলে রাজপথে কর্মসূচি দেয়ার বিকল্প থাকে না। সেই ধারাবাহিকতায় ১১ দলীয় জোটসহ আমরা রাস্তায় নেমেছি। জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আমরা ঢাকা-রংপুর লংমার্চ পালন করছি। আমরা শান্তিপূর্ণ লংমার্চ পালন করছি। লংমার্চে বাঁধা দেয়ার চেষ্টা করলে জনগণ দাঁতভাঙা জবাব দেবে।

শনিবার সকাল ১১ টা থেকে শুরু হওয়া হাটিকুমরুল গোল চত্ত্বর এলাকায় প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে লংমার্চের জনসভায় হাজারো মানুষের ঢল নামে। সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম-এর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপির চেয়ারম্যান ড.কর্ণেল অলি আহমেদ বীর বিক্রম, এনসিপি’ আহবায়ক ও সংসদে বিরোধী দলীয় চীপ হুইপ নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের চেয়ারম্যান আল্লামা মামুনুল হক, এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী,ঢাকা দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু,লেবারপার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন,মূখ্য সচিব সারজিস আলম সহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Ads