ঠাকুরগাঁওয়ে মালবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত

আবু সাঈদ, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে মালবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত

ঠাকুরগাঁওয়ের ভূল্লী মালবাহী ট্রাক ও ব্যাটারীচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও ছয়জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ভূল্লী উপজেলার কুমারপুর মনসুর আলী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভূল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকী।

নিহত— হাবিবা আক্তার (২০) ভূল্লী উপজেলার মুজাবর্ণী সরকারপাড়া গ্রামের হারুন অর রশিদের মেয়ে।

আহতরা হলেন— ভূল্লী উপজেলার মুজাবর্ণী সরকারপাড়া এলাকার শাহিনা বেগম (৩৮), মাইশা(১৩), জান্নাত (১১), মেরী বেগম (২৬), মোছাঃ নাজমা বেগম (৭০) ও পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী-ঝলঝলি এলাকার সোহাগ (২৫)।

প্রত্যক্ষদর্শীর বরাতে ভূল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ঠাকুরগাঁও জেলা শহর থেকে একটি মালবাহী ট্রাক পঞ্চগড়ের উদ্দেশ্যে উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ভূল্লী উপজেলার মনসুর আলী ফিলিং স্টেশনের সামনে (ঠাকুরগাঁও-ঢাকা) মহাসড়কে বিপরীত দিক থেকে আাসা ব্যাটারীচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ৭জন অটোরিকশার যাত্রী আহত হয়।

ওসি বলেন, পরে স্থানীয়রা আহত ৭জনকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে হাবিবা আক্তার নামে এক তরুণীর মৃত্যু হয়। আর আহত অন্য ৬ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভূল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় বোদা হাইওয়ে থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

 

Ads