খুলে গেল চলন্ত মেট্রোরেলের দরজা!

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
খুলে গেল চলন্ত মেট্রোরেলের দরজা!

ফাইল ছবি

রাজধানীতে চলন্ত অবস্থায় মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী একটি মেট্রোরেলে এ ঘটনা ঘটে। এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেলের পেছনের একটি দরজা চলন্ত অবস্থায় হঠাৎ খুলে যায়। বিষয়টি জানার পর যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল বন্ধ করা হয়।

মহসীন শেখ বলেন, সকাল ৭টা ৩৭ মিনিটে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি মেরামত করা হলে সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।এর ফলে প্রায় ২৬ মিনিট এ রুটে মেট্রোরেল চলাচল ব্যাহত হয়।

বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে ট্রেন স্টেশনে পৌঁছায় অফিসগামীসহ সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্টেশনে তৈরি হয়েছে উপচে পড়া ভিড়।

Ads