যুদ্ধ কখন শেষ হবে, সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রের: ইরানের প্রেসিডেন্ট

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৭ অপরাহ্ণ
যুদ্ধ কখন শেষ হবে, সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রের: ইরানের প্রেসিডেন্ট

ইরানের সঙ্গে যুদ্ধ কখন শেষ হবে, সে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চলতি বছরের শেষ নাগাদ যুদ্ধ শেষ হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ফক্স নিউজে প্রচারিত এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

যুক্তরাষ্ট্র এ যুদ্ধ শেষ করতে চায় কি না, সে সিদ্ধান্ত ওয়াশিংটনকেই নিতে হবে। তবে তারা এ যুদ্ধ চালিয়ে যেতে চান না বলে জানান তিনি। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট বলেছিলেন, যুক্তরাষ্ট্রের চাপের কাছে তেহরান কখনোই আত্মসমর্পণ করবে না।

ইরান যুদ্ধ কীভাবে শেষ করা হবে, তা নিয়ে দুই পক্ষের অবস্থানে বড় দূরত্ব রয়েছে।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো চুক্তি না হলে তিনি ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দিতে পারেন। তবে তিনি এ-ও ইঙ্গিত দেন যে শিগগিরই একটি চুক্তি হতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়েছিল।

জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে হামলা চালায়। উপসাগরীয় এসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এবং লেবাননে ইসরায়েলের হামলায় হাজারো মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ।

ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করা এ যুদ্ধের অন্যতম লক্ষ্য।

এদিকে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে—এমন অভিযোগ তেহরান অস্বীকার করে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে।

তেহরান বলছে, শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য পারমাণবিক প্রযুক্তি উন্নয়নের অধিকার ইরানের রয়েছে। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) পক্ষভুক্ত দেশ হিসেবে এ অধিকার তেহরানের রয়েছে বলে দাবি ইরানের।

Ads