তানোরে সার ডিলার নিয়োগের তালিকায় নাশকতা মামলার আসামি

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১০ অপরাহ্ণ
তানোরে সার ডিলার নিয়োগের তালিকায় নাশকতা মামলার আসামি

রাজশাহীর তানোর উপজেলায় সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় আ”লীগ মতাদর্শী নাশকতা মামলার আসামীর নামের তালিকা পাঠিয়ে নতুন রুপে আলোচনায় কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ বলে অভিযোগ উঠেছে। তালিকা তৈরিতেও নানা অনিয়ম, দুর্নীতি এবং আইন বহির্ভূতভাবে প্রভাব খাটানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।

নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করতে তদন্তের দাবি জানিয়েছেন এক আবেদনকারী। এদিকে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন উপজেলা বিএনপির বিএনপি নেতৃবৃন্দ। কিন্তু সবকিছুকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নাশকতা মামলার আসামীরর নাম পাঠিয়েছে কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ।

জানা গেছে,উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে (ইউপি) একজন করে মোট নয়জন সার ডিলার নিয়োগ করা হবে।এজন্য প্রতিটি পৌরসভা ও ইউপি থেকে যাচাই-বাছাই করে তিনজন আবেদন কারীর নাম উপজেলা থেকে পাঠানোর কথা বলা হয়েছে। উপজেলা সার,বীজ মনিটরিং কমিটি যাচাই-বাছাই করে তালিকা পাঠাবেন। কিন্তু তানোরে তালিকা পাঠানো নিয়ে বিস্তর অনিয়মের অভিযোগ উঠেছে। পাঠানো তালিকায় আওয়ামী মতাদর্শীদের আধিক্য ও নাশকতা মামলার আসামির নাম রয়েছে।

স্থানীয় সুত্র জানায়,উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ভবানীপুর গ্রামের আনিসুর রহমানের পুত্র আওয়ামী মতাদর্শী আব্দুর রহিম।মাদারিপুর বাজারে মেসার্স রহমানিয়া ট্রেডার্স নামে কীটনাশকের দোকান রয়েছে। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর তানোর থানায় নাশকতার একটি মামলা হয়, যাহার মামলা নম্বর ১১/২০/২৪। উক্ত মামলার ৫৩ নম্বর আসামি আব্দুর রহিম।কিন্ত্ত রহস্যজনক কারণে
সার ডিলার নিয়োগের তালিকায় তার নামও পাঠানো হয়েছে। অথচ নীতিমালায় বলা হয়েছে ফৌজদারি অপরাধে অভিযুক্তরা সার ডিলার নিয়োগে অযোগ্য হবে তারা কোনো আবেদন করতে পারবে না।

এদিকে একজন আবেদনকারী তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করে ডাকযোগে অভিযোগের অনুলিপি কৃষি মন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহী বিভাগীয় কমিশনার,রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রেরণ করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ ও কতিপয় বিএনপি নেতার যোগসাজশে নিয়ম বহির্ভূতভাবে আব্দুর রহিমকে সার ডিলার নিয়োগ দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কতিপয় কর্মকর্তার অনিয়ম, কিছু রাজনৈতিক ব্যক্তির প্রভাব ও সুপারিশের কারণে ডিলার নিয়োগে অনিয়ম হলে ক্ষোভ তৈরি হতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব অনিয়ম-দুর্নীতির মুল মাস্টার মাইন্ড উপজেলা কৃষি কর্মকর্তা বলে অভিযোগ ভুক্তভোগীদের।

তবে কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ জানান, মামলা থাকলেও আবেদন করতে পারবে। কিন্তু যদি সাজাপ্রাপ্ত হয় তাহলে আবেদন করতে পারবে না। তিনি আরো জানান, আবেদনের যাবতীয় কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। আমরা তো নিয়োগ দিতে পারবনা। শুধু আবেদন কারীদের আবেদন পাঠাতে পারব।

Ads