বর্তমান সরকার যুবকদেরকে ক্যাডার বাহিনীতে পরিণত করেছে : সাবেক শিবির সভাপতি ইয়াসির আরাফাত

শরিফ হোসাইন, বিশেষ প্রতিনিধি ভোলা ঃ
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
বর্তমান সরকার যুবকদেরকে ক্যাডার বাহিনীতে পরিণত করেছে : সাবেক শিবির সভাপতি ইয়াসির আরাফাত

শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বরিশাল বিভাগীয় যুব পরিচালক ইয়াসির আরাফাত বলেন, শেখ মুজিব যুবকদের দিয়ে রক্ষী বাহিনী তৈরি করেছিলেন। আর বর্তমান সরকার যুবকদের দিয়ে দলীয় ক্যাডার বাহিনী তৈরি করছেন। যাদের দ্বারা টেন্ডারবাজি, লুটতরাজ, দখলসহ দেশের নৈরাজ্যে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। যারাই ক্ষমতায় আরোহন করছেন, তারাই যুবকদেরকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার পায়তারা চালাচ্ছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে জামায়াতে ইসলামী ভোলা জেলা যুব বিভাগের আয়োজনে যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

ইয়াসির আরাফত বলেন, আপনারা দেখেছেন বিগত জাতীয় সংসদ নির্বাচনে ২টি ভোট হয়েছিল। একটি ছিল সরকার গঠনের, অপরটি ছিল রাষ্ট্র সংস্কারের। বাংলাদেশের ইতিহাসে ৩টি গণভোট হয়েছিল, যার প্রত্যেকটি কার্যকর হয়েছে। কিন্তু বর্তমান বিএনপি সরকার তার প্রভুদের ফরমায়েসে গণভোটকে অকার্যকর করার দুঃসাহস দেখাচ্ছে। আমরা আশাবাদি বিএনপি সরকার যা কিছুই করুক না কেন, গণভোটের রায় অবশ্যই তাদেরকে বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, একটা মজলুম দল, যারা বিগত ১৭ বছর জুলুমের শিকার হয়েছিল। যারা লন্ডনে পালিয়ে ছিল, সিলং-এ ছিল। তারা যখন দেশে এসে আদর্শের কথা বলে, আওয়ামীলীগের ভাষায় কথা বলে, তখন বুঝতে হবে তাদেরকেও ওই আওয়ামী ফ্যাসিবাদের মতই পরিনতি ভোগ করতে হবে।

সাবেক শিবির সভাপতি বলেন, ২৪ এর আন্দোলনের পর আমরা স্বপ্ন দেখেছিলাম, আমাদের যুবকরা চাঁদাবাজ হবে না, লাঠিয়াল বাহিনীর মত হবে না, দলের ক্যাডারগীরি করতে হবে না, জবর দখল ও জোড়-জুলুম করবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি সরকার বিগত আওয়ামী ফ্যাসিবাদের মত যুবকদেরকে চাঁদাবাজী, টেন্ডারবাজী, দখলবাজীতে যুবকদের ব্যবহার করছে। এমন বাংলাদেশ আমাদের প্রত্যাশা ছিল না। তিনি আরো বলেন, বাংলাদেশের যুবকদের প্রশিক্ষণ ও প্রতিষ্ঠিত করার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে কোটি কোটি টাকা বরাদ্দ হয়। যার এক পারসেন্ট টাকাও যুবকদের কাজে লাগে না। যার বেশিরভাগই দলীয় নেতাদের পকেটে চলে যায়। অথচ আমার দেশের যুবকরা বেকার হয়ে পড়ে আছে।

তিনি বলেন, আমাদের দেশ থেকে অনেক যুবক ভাগ্য পরিবর্তণের জন্য বিদেশে যায়, যার বেশিরভাগই অদক্ষ। তারা যদি দক্ষ হয়ে বিদেশে যেতে পারতো, তাহলে আরো বেশি উপকৃত হতো। বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদেরকে সেই ভাবে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠাতে পারছে না। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ যুবকদেরকে বাংলাদেশের সম্পদে পরিণত করতে চায়। যুবকদের দিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চায়। ২৪ এর গণঅভ্যুত্থান যুবকরাই করেছিলেন। তার ধারাবাহিকতা বাংলাদেশ জামায়াতে ইসলামী ধরে রাখতে চায়।

জেলা জামায়াতে যুব বিভাগের সভাপতি মাস্টার আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাছেন জেলা জামায়াতের আমীর মাস্টার জাকির হোসাইন, নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রটারি মাওলানা কাজী হারুন অর রশিদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী পারভেজ হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সেক্রেটারি নিজামুল হক নাঈম প্রমূখ। এ সময় আরো বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসাইন, ভোলা শহর যুব সভাপতি ইয়াসির আরাফাত, লালমোহন উপজেলা যুব সভাপতি এম এ হাসান, চরফ্যাশন উপজেলা যুব সভাপতি মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।

যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর জামায়াতের আমীর মাওলানা জামাল উদ্দিন ও জেলা যুব বিভাগের টিম সদস্য এডভোকেট রহমত উল্লাহ সেলিম। আলোচনা সভা শেষে শহরময় একটি যুব র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি জেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে নতুন বাজার, সদর রোড ঘুরে ফের জেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

 

Ads