খুলনা নগরীর লবণচরা থানার পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ তিনজন কে আটক

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ
খুলনা নগরীর লবণচরা থানার পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ তিনজন কে আটক

খুলনা নগরীর লবণচরায় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে চাঁদা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

গতকাল মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর লবণচরা থানার খানজাহান আলী রূপসা ব্রিজ সংলগ্ন জালালের তুষ কাঠ মিলের সামনে লবনচরা প্রধান সড়কের পাশে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি ককটেল জব্দ করা হয়।

আটকরা হলেন, লবণচরা থানার মাথাভাঙ্গা জুট মিলের পাশে কিসলু হাওলাদারের ছেলে মোঃ আল আমিন (২৩) রূপসা মর্ডাণ সীফুড এলাকার আব্দুল রহিম মোল্লা ওরফে কসাই রহিমের ছেলে মোঃ রনি মোল্লা ওরফে কসাই রনি (২৮) এবং রূপসা স্ট্যান্ড ডাক্তার গলির রাজু জোমাদ্দারের ছেলে স্বরন জোমাদ্দার ওরফে সজল জমাদ্দার (২৬)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনার দুই শীর্ষ সন্ত্রাসী বাহিনীর পরিচয় দিয়ে তারা বিভিন্ন সময়ে ঘাটের মালিকের কাছে চাঁদা দাবি করত। চাঁদা না দিলে তাদের বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করত।

এমন তথ্য পেয়ে থানা পুলিশ সত্যতা যাচাইয়ের জন্য রাত ৭টার দিকে লবণচরা থানার রূপসা ব্রিজের উত্তর পাশে পৌঁছালে তারা হেলমেট, মুখোশ ও গামছা দিয়ে মুখ ঢেকে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো শফিকুল ইসলাম বলেন, রাতে ঘটনাস্থলে আমরা অভিযানে গিয়েছিলাম। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সড়কের পাশে বালির মধ্যে পড়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Ads