খুলনা বিশ্ববিদ্যালয় ও এলাকাবাসীর সংঘর্ষ: ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে রণক্ষেত্র ক্যাম্পাস

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
খুলনা বিশ্ববিদ্যালয় ও এলাকাবাসীর সংঘর্ষ: ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে রণক্ষেত্র ক্যাম্পাস

খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার মূল সূত্রপাত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের কমেন্ট কেন্দ্র করে। কমেন্টে দুই পক্ষের কথাকাটাকাটি একপর্যায়ে উত্তেজনায় রূপ নেয়।

তবে শিক্ষার্থীরা জানান, এলাকার কিছু মানুষের সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের নানা বিষয় নিয়ে বিরোধ ও ক্ষোভ জমে ছিল।

সেই পুরোনো অসন্তোষ ও সাম্প্রতিক ফেসবুক কমেন্টের ঘটনার জের ধরেই গতকাল এই সহিংসতা ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের বিবরণ:

গতকাল ঘটনার শুরুতেই উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে চলে যায়। মুহূর্তে পুরো এলাকা ও সংলগ্ন ক্যাফেটেরিয়া-সংলগ্ন সড়ক রণক্ষেত্রে পরিণত হয়।

দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খুলনা-সাতক্ষীরা মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় এবং আশপাশের দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায়।

সংঘর্ষে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাসহ বেশ কয়েকজন আহত হন। প্রাথমিক চিকিৎসার জন্য আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বর্তমানে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রশাসনের বক্তব্য:

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এলাকাবাসীর সাথে উদ্ভূত পরিস্থিতি নিরসনে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে।

Ads