ধুনটে গুদামের তালা কেটে ১০০ মণ পাট চুরি, ক্ষতি ৫ লাখ টাকা

এস আই বাবলু, বগুড়া প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
ধুনটে গুদামের তালা কেটে ১০০ মণ পাট চুরি, ক্ষতি ৫ লাখ টাকা

বগুড়ার ধুনট উপজেলায় একটি গুদামের সাটারের তালা কেটে প্রায় ১০০ মণ পাট চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া পাটের আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে গুদাম পরিদর্শনে গিয়ে চুরির বিষয়টি জানতে পারেন ব্যবসায়ী খাজা মঈন উদ্দিন ও সঞ্জয় কুমার। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলার উল্লাপাড়া গ্রামের খাজা মঈন উদ্দিন ও কলেজপাড়ার সঞ্জয় কুমার যৌথভাবে বিভিন্ন মালামাল মজুদের ব্যবসা করেন। প্রায় দুই মাস আগে তারা পাট কিনে ধুনট-সোনামুখী সড়কের বেলকুচি গ্রামের একটি ইটভাটার পাশে গুদাম ভাড়া নেন। সেখানে প্রায় ১ হাজার ২০০ মণ পাট মজুদ করা হয়েছিল।

গুদামটিতে কোনো প্রহরী ছিল না। তবে ব্যবসায়ীরা নিয়মিত সেখানে গিয়ে মজুদ করা পাটের খোঁজখবর নিতেন। এরই মধ্যে শুক্রবার রাত থেকে শনিবার বিকেলের কোনো এক সময় দুর্বৃত্তরা গুদামের সাটারের দুটি তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে সেখান থেকে প্রায় ১০০ মণ পাট নিয়ে যায়।

ব্যবসায়ী সঞ্জয় কুমার বলেন, ‘প্রতিদিনের মতো শনিবার বিকেলে গুদামে গিয়ে দেখি সাটারের দুটি তালা কাটা। ভেতরে গিয়ে প্রায় ১০০ মণ পাট পাওয়া যাচ্ছে না। এতে আমাদের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। রাতের কোনো এক সময় চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করছি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Ads