নন্দীগ্রামে রাতের আঁধারে মরিচ গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
নন্দীগ্রামে রাতের আঁধারে মরিচ গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে আনোয়ার হোসেন নামের এক মরিচ চাষির জমি থেকে পরিপক্ক মরিচ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মরিচ চাষি আনোয়ার হোসেন।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১অক্টোবর) দিবাগত রাতে উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের শহরকুড়ি গ্রামের এক মাঠে। মরিচ চাষি আনোয়ার হোসেন জানান, ২৫ শতক জমিতে লাভের আশায় ডিজি-১৭১৭ জাতের মরিচ চাষ করেছিলাম। অল্প দিনের মধ্যেই জমি থেকে মরিচ তুলে বিক্রি শুরু করার প্রস্তুতি নিচ্ছিলাম। ইতোমধ্যে গত বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কাহারা আমার মরিচ ক্ষেতের মরিচ গাছ কেটে ফেলেছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে জমিতে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পাই।

তিনি বলেন, কারা এবং কী কারণে মরিচগাছগুলো কেটে ফেলেছে, তা তিনি জানেন না। হঠাৎ করে পুরো ক্ষেতের গাছ নষ্ট হয়ে যাওয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার পর আনোয়ার হোসেন নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে শনিবার (৩ অক্টোবর) দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Ads