বগুড়ায় স্কুলছাত্রীকে মাইক্রোবাসে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা

এস আই বাবলু, বগুড়া প্রতিনিধি ঃ
প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
বগুড়ায় স্কুলছাত্রীকে মাইক্রোবাসে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা

বগুড়ার শেরপুরে বিদ্যালয়ে যাওয়ার পথে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৬) মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও ওই শিক্ষার্থীর সন্ধান মেলেনি। এ ঘটনায় মো. রিয়াদ হোসেন (২০) নামের এক যুবককে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই কিশোরী শেরপুর মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাতায়াতের পথে চকপোতা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রিয়াদ হোসেন তাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন বলে অভিযোগ পরিবারের। বিষয়টি রিয়াদের পরিবারকে জানানো হলে তারা ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে তুলে নেওয়ার হুমকি দেয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, গত ২৯ সেপ্টেম্বর সকাল আটটার দিকে প্রতিদিনের মতো বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয় ওই ছাত্রী। পথে চকপোতা গ্রামের জামাদারের দোকানের সামনে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া রিয়াদ ও তাঁর সহযোগীরা তাকে জোর করে একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে শেরপুরের দিকে চলে যায় বলে অভিযোগ করা হয়েছে।

নির্ধারিত সময়ে বিদ্যালয় বা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে শনিবার (৩ অক্টোবর) রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ দেন। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

মামলার আসামিরা হলেন—চকপোতা গ্রামের রিয়াদ হোসেন (২০), তাঁর মা মোছা. ফরিদা বেগম (৪০), একই এলাকার মো. হাফিজার রহমান (৫৫), রিয়াদের ভাই মো. জিহাদ হোসেন (২৫) এবং মোছা. কহিনুর বেগম ওরফে জেসমিন (৪০)।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) ও বর্তমানে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনকারী জয়নুল আবেদীন বলেন, বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। স্কুলছাত্রীকে দ্রুত অক্ষত অবস্থায় উদ্ধার এবং মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Ads