খুলনার রূপসায় ছেলে জয় ঢালীকে হত্যাপর এবার বাবা আক্তার ঢালিকে গুলি করে হত্যা

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
খুলনার রূপসায় ছেলে জয় ঢালীকে হত্যাপর এবার বাবা আক্তার ঢালিকে গুলি করে হত্যা

খুলনায় ছেলে জয় ঢালীকে (২৭) গুলি করে ও কুপিয়ে হত্যার ৫০তম দিনে বাবাকে আক্তার ঢালীকেও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ০৫ অক্টোবর আনুমানিক সন্ধ্যা পৌনে সাতটার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এ ঘটনাটি ঘটে।

ঘটনার পর পর এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, আজ সন্ধ্যায় বাড়ির পাশে কাঠের বেঞ্চে আরও কয়েকজনের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন আক্তার ঢালী। এ সময় তিন থেকে চারটি মোটরসাইকেলে করে হেলমেট পরা সাত থেকে আটজন ব্যক্তি সেখানে আসেন।

তাঁরা খুব কাছ থেকে আক্তারকে লক্ষ্য করে গুলি ছোড়েন। একটি গুলি তাঁর ডান কান ভেদ করে বিপরীত দিক দিয়ে বের হয়ে যায়।

এরপর আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা আরও তিন রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয় বাসিন্দারা জানান। এ সময় উপস্থিত লোকজন ছোটাছুটি শুরু করেন।

হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত আক্তারকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানায়, গত ১৫ আগস্ট রাতে শহীদের মোড়ে জয় ঢালীকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় তাঁর বাবা আক্তার ঢালী বাদী হয়ে মামলা করেন। সেই হত্যাকাণ্ডের ৫১ দিনের মাথায় বাড়ির পাশেই আক্তারকে গুলি করে হত্যা করা হলো।

গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করে খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশের কাছে বিভিন্ন ধরনের তথ্য-উপাত্ত আসছে। সেগুলো বিচার-বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

উল্লেখ, নিহত আক্তার ঢালীর ছেলেকে এক মাস ২০ দিন আগে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

Ads