বোদার সীমান্তে ৭ জনকে বিএসএফ পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ভারতে ফেরত

আশরাফুজ্জামান খোকন, বোদা প্রতিনিধি (পঞ্চগড়)ঃ
প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
বোদার সীমান্তে ৭ জনকে বিএসএফ পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ভারতে ফেরত

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে শেষ পর্যন্ত তাদের ভারতে ফিরে যেতে হয়েছে।

গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে তারা ভারতে ফিরে যান। তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ১ জন নারী ছিলেন।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মালকাডাঙ্গা সীমান্ত এলাকায় ৭ জনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এ সময় সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে তারা সীমান্তের কাছাকাছি এলাকায় অবস্থান নেন। দিনভর ওই ৭ জন সীমান্ত এলাকায় অবস্থান করলেও বিজিবি তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি। পরে রাতে বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা একই সীমান্ত দিয়ে ভারতে ফিরে যান।

নীলফামারী ৫৬ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্তে অবৈধ পারাপার ও পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ওই সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইনের চেষ্টা করা হয়েছিল আমরা তাদের ফেরত পাঠিয়েছি।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Ads