মাগুরায় ২৮ হাজার ইয়াবা ১৯ লাখ টাকাসহ এক ব্যক্তি গ্রেফতার

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
মাগুরায় ২৮ হাজার ইয়াবা ১৯ লাখ টাকাসহ এক ব্যক্তি গ্রেফতার

মাগুরা শহরের কলেজপাড়ায় অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা, চার বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকাসহ মো. রাশেদ শেখ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় একটি টাকা গণনার মেশিন, চারটি ল্যাপটপ, ‘প্রেস’ লেখা বুম মাইক্রোফোন এবং খেলনা পিস্তলসদৃশ একটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়।

গতকাল ৮ অক্টোবর বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ায় স্বপ্নবিলাস ভবনের চতুর্থ তলার একটি কক্ষে অভিযান চালানো হয়। গ্রেপ্তার রাশেদ শেখ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিপাড়া এলাকার মো. মোস্তফা শেখ ও রোকেয়া বেগমের ছেলে। তিনি স্বপ্নবিলাস ভবনের চতুর্থ তলার ডি-৩ নম্বর ফ্ল্যাটে থাকতেন।

এসআরবি-৬-এর দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের সময় একই ফ্ল্যাটের আরেক বাসিন্দা দ্বীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন (৩৫) পালিয়ে যান। তিনি ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ি এলাকার মৃত দয়াল চন্দ্র বিশ্বাসের ছেলে। অভিযানকারী দলের দাবি, তাদের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।

অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাগুরা সদর থানায় মামলা করা এবং উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল বলে জানানো হয়েছে।

এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় তাঁদের অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান চলবে।

Ads