শিগগিরই সৌদি আরব সফর করবেন প্রধানমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ণ
শিগগিরই সৌদি আরব সফর করবেন প্রধানমন্ত্রী’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, খুব শিগগিরই সৌদি আরব সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে এ কথা জানান তি‌নি।

‘কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব : বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের পুনর্কল্পনা’ শীর্ষক এ সেমিনারের যৌথ আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।

সেমিনারে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ককে শুধু শ্রমবাজারকেন্দ্রিক না রেখে আরও বহুমুখী করার ওপর গুরুত্ব দেন বক্তারা। তারা বলেন, নিরাপত্তা, ওষুধশিল্প ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। সৌদি অর্থায়নে এলএনজি টার্মিনাল নির্মাণের বিষয়টিও দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে উঠে আসে।

বক্তারা আরও বলেন, সৌদি আরব বাংলাদেশের শ্রমবাজারের অন্যতম প্রধান গন্তব্য। দেশটিতে থাকা প্রায় ৪০ লাখ প্রবাসীর পাঠানো বৈদেশিক মুদ্রা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে শ্রমবাজারের বাইরেও বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা বাড়ানো প্রয়োজন।

হুমায়ুন কবির বলেন, মক্কা চুক্তির বিষয়ে বাংলাদেশ ইতিবাচক। তবে মক্কা ও মদিনা আক্রান্ত হলে বাংলাদেশ কোনো আপস করবে না।

তিনি আরও বলেন, কোনো একটি দেশের ওপর নির্ভরশীল থাকার দিন শেষ। সবার সঙ্গে ন্যায্যতা ও সম্মানজনক সম্পর্ক বজায় রেখে এগিয়ে যেতে চায় বাংলাদেশ।

সেমিনারে সাবেক কূটনীতিক, বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা অংশ নেন। তারা বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন সম্ভাবনা এবং শ্রমশক্তিকেন্দ্রিক সহযোগিতাকে কৌশলগত অংশীদারত্বে রূপ দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।

Ads