নাটোরে দিনব্যাপী গুড় উৎসব, বসেছে দেশীয় পণ্যের ১৬ স্টল

মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
নাটোরে দিনব্যাপী গুড় উৎসব, বসেছে দেশীয় পণ্যের ১৬ স্টল

দেশীয় পণ্যের প্রচার-প্রসার, বিপণন বৃদ্ধি এবং স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে নাটোরে দিনব্যাপী ‘গুড় উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় নাটোর জেলা পরিষদ মিলনায়তনে উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশনের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী গুড়সহ দেশীয় পণ্যের ১৬টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে প্রদর্শিত পণ্য ঘুরে দেখেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উৎসবকে ঘিরে দর্শনার্থী ও উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

উৎসব দেখতে আসা দর্শনার্থী রবিউল করিম বলেন, “এ ধরনের আয়োজন আমাদের দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন করে তুলে ধরছে। পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য সম্পর্কে জানার এবং কেনাকাটার সুযোগ তৈরি হয়েছে।প্রতিবছর এ ধরনের উৎসব আয়োজন করা হলে দেশীয় পণ্যের প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে।

উদ্যোক্তা ময়না বলেন, “এ উৎসবের মাধ্যমে আমাদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরার সুযোগ হয়েছে। এতে পণ্যের পরিচিতি বাড়ার পাশাপাশি নতুন ক্রেতা ও ব্যবসায়িক যোগাযোগ তৈরির সম্ভাবনা তৈরি হচ্ছে।”
আয়োজক সূত্রে জানা যায়, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ শীতের গুড়ের ঐতিহ্য সংরক্ষণ, গুড় উৎপাদন ও বিপণনের সঙ্গে সম্পৃক্ত উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।

উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম সরদার বলেন, “এ উৎসবের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে বলে আমরা প্রত্যাশা করছি। একই সঙ্গে ঐতিহ্যবাহী গুড়সহ অন্যান্য দেশীয় পণ্য দেশব্যাপী পরিচিতি লাভের সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, “উৎসবের উদ্দেশ্য, কার্যক্রম ও সংশ্লিষ্ট উদ্যোক্তাদের উদ্যোগ সাধারণ মানুষের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য। এ আয়োজনের সুফল যেন সব শ্রেণির মানুষ ও উদ্যোক্তারা পান, সে জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎসবের সফলতা কামনায় তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

Ads