শ্রমিকের ছদ্মবেশে নাশকতায় বহিরাগতরা বাড়ির মালিকদের নিদের্শনায় গণ-বিজ্ঞপ্তি

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
শ্রমিকের ছদ্মবেশে নাশকতায় বহিরাগতরা বাড়ির মালিকদের নিদের্শনায় গণ-বিজ্ঞপ্তি

গাজীপুরের কালিয়াকৈরে টানা শ্রমিক অসন্তোষ ঘিরে অবরোধ, বিক্ষোভ, ভাংচুর, অগ্নিসংযোগ, হামলা, দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অস্থির শিল্পখাত। অভিযোগ উঠেছে, শ্রমিকরা নয়, সুযোগে বুঝে দেশ অস্থিতিশীল করার লক্ষ্যে তাদের ছদ্মবেশে এসব নাশকতা করছে আসলে বহিরাগতরা। আর বহিরাগতদের তৎপরতা ঠেকাতে সোমবার রাতে বাড়ির মালিকদের সতর্ক নিদের্শনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে কালিয়াকৈর পৌরসভা।

এলাকাবাসী, শ্রমিক, বিএনপি ও পুলিশ সূত্রে জানা গেছে, নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবীতে পোশাক শ্রমিকদের টানা আন্দোলনে কালিয়াকৈরে শিল্পখাতে অস্থির অবস্থা বিরাজ করছে। কর্মস্থলে যোগ না দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ মিছিল করছে পোশাক শ্রমিকরা।

এ আন্দোলনকে ঘিরে মহাসড়কে থাকা বিভিন্ন যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন কারখানা, ব্যাংক ও দোকানপাট ভাংচুর ও কারখানার গোডাউনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। এসময় ঘটছে বিজিবি, পুলিশের সঙ্গে বিক্ষুব্দদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও। বিশেষ করে উপজেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় সবচেয়ে বেশি ঘটছে এসব নাশকতার ঘটনা। গত কয়েক দিনে এসব ঘটনায় বিজিবি, পুলিশ, সাংবাদিকসহ প্রায় শতাধিক আহত হয়েছেন।

তাদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। অভিযোগ উঠেছে, শ্রমিকরা নয়, এই আন্দোলনের সুযোগে তাদের ছদ্মবেশে এসব নাশকতা চালাচ্ছে বহিরাগতরা। নাশকতায় জড়িত থাকার অভিযোগে দুদিনে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ ১৩জন বহিরাগতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারপরও শ্রমিকদের আন্দোলন ঘিরে তাদের ছদ্মবেশে যেন বহিরাগতদের নাশকতা থামছেই না। দেশ অস্থিতিশীল করার লক্ষ্যে তাদের ছদ্মবেশে এসব নাশকতা করছে বহিরাগতরা। বহিরাগতদেও এই তৎপরতা ঠেকাতে সোমবার রাতে বাড়ির মালিকদের সতর্ক নিদের্শনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে কালিয়াকৈর পৌরসভা। এই গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কালিয়াকৈর পৌরসভার প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাড়ি বা ফ্ল্যাটের ভাড়াটেরা নিজ পরিবারের সদস্যদের বাইরে অন্য কোনো বহিরাগত ব্যক্তিকে আশ্রয় দিয়ে থাকলে অথবা কোনো বহিরাগত অপরাধ চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করলে দ্রুত কালিয়াকৈর থানা কিংবা উপজেলা প্রশাসনকে জানাতে হবে। এ বিষয়ে বাড়ির মালিকদের বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। ওই গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ বিষয়টি প্রশাসনকে না জানানো হলে এবং এ কারণে কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটলে, তার দায় সংশ্লিষ্ট বাড়ির মালিকদের ওপর বর্তাবে। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতি জরুরি’ উল্লেখ করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মজুরি কমিশন বোর্ড গঠন করার পর শ্রমিকরা আশাবাদী, তারা আন্দোলনে যাওয়ার কথা না। শ্রমিকদের নামে ছদ্মবেশে বহিরাগতরা দেশকে অস্থিতিশীল করার জন্য নাশকতা সৃষ্টি করছে। এমন অভিযোগে দুদিন অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পৌরসভার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

এব্যাপারে কালিয়াকৈর পৌরসভার প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন জানান, শ্রমিকদের আন্দোলনের মধ্যে বহিরাগত ব্যক্তিরা যেন প্রবেশ করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য এই গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অনাকাঙ্খিত ঘটনা এড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Ads