খুলনায় চিকিৎসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে চিকিৎসকদের মানববন্ধন

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ
খুলনায় চিকিৎসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে চিকিৎসকদের মানববন্ধন

খুলনায় চাঁদাবাজি, সন্ত্রাস এবং চিকিৎসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে নগরীর সাতরাস্তা মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ১০ নভেম্বর, বেলা সাড়ে ১১টায় সাতরাস্তা মোড় সংলগ্ন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের সামনে ‘জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

খুলনা মেডিকেল কলেজ ড্যাব-এর সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মো. সালেহ পলাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা কামাল, সহকারী পরিচালক ডা. কাজী আহসান হাবীবসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।

মানববন্ধন থেকে আগামী ৭ দিনের মধ্যে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ এবং অপরাধীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে স্মারকলিপি প্রদান এবং পরবর্তীতে হাসপাতাল ও ক্লিনিকে কর্মবিরতি কিংবা চিকিৎসাসেবা শাটডাউনের মতো কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন চিকিৎসক নেতারা।

সমাবেশে বক্তারা সাম্প্রতিক সময়ে খুলনার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ঘটে যাওয়া বেশ কয়েকটি হামলার ঘটনা তুলে ধরেন। সন্ধানী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গত ২৪ অক্টোবর বাবু খান রোডের এই প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে ভাঙচুর ও গুলি চালানো হয়।

আব্দুল্লাহ প্যাথলজি ও রঙধনু ক্লিনিক গত ৩ নভেম্বর শামসুর রহমান রোডের এই প্রতিষ্ঠান দুটিতে হামলা ও ভাঙচুর চালানো হয়। নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার গত ৭ নভেম্বর খানজাহান আলী রোডের এই প্রতিষ্ঠানে ভাঙচুরের পর থেকে এটি বন্ধ রয়েছে।

চয়নিকা ফার্মেসি ও হুমকি টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসির ব্যবস্থাপককে হুমকির পর প্রতিষ্ঠানটি বন্ধ রাখা হয়েছে। এছাড়া গত ৮ নভেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সুজাত আহমেদের কাছে মোবাইল মেসেজে চাঁদা দাবি করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শফিকুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মাঠে তৎপর রয়েছে।

Ads