“অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত”

শহীদ আহমদ খান, সিলেট প্রতিনিধি ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
“অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত”

অদ্য ১০/১১/২০২৬ খ্রি. তারিখে সিলেট রেঞ্জের অক্টোবর/২০২৬ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সভাটি সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত ডিআইজি, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট। শুরুতেই ডিআইজি মহোদয় উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম আরম্ভ করেন।

সভায় অক্টোবর/২০২৬ খ্রি. মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ মামলাসমূহ পর্যালোচনার পাশাপাশি ডিআইজি মহোদয় আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দলমত নির্বিশেষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে তাদের আড্ডাস্থল ও অপরাধের ধরন চিহ্নিত করে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। আসন্ন শীত মৌসুমে হাওর ও বিলের জলাশয় শুকিয়ে যাওয়ার প্রেক্ষাপটে সরকার কর্তৃক ইজারা প্রদানকৃত জলাশয়ে বৈধ ইজারাগ্রহীতাদের মাছ আহরণে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

একই সঙ্গে শীত মৌসুমে সিলেট বিভাগের বিভিন্ন পর্যটনকেন্দ্রে পর্যটকদের আগমন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও নজরদারি জোরদার করার নির্দেশ প্রদান করেন। সিলেট বিভাগ প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় শীত মৌসুমে দেশে আগত প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট এলাকাসমূহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং এসব অপরাধের সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

হত্যা, ডাকাতি, ধর্ষণ, গণধর্ষণ ও শিশু নির্যাতনের মতো চাঞ্চল্যকর অপরাধের সংবাদ পাওয়া মাত্রই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি, ডাকাতি ও দস্যুতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং টহল কার্যক্রম জোরদার করার নির্দেশনা প্রদান করেন।

অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বিবেচনায় না নিয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। সর্বোপরি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের সুরক্ষায় পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় অপরাধ দমন, চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এবং চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট রেঞ্জের ০৮ জন পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে জনাব মোঃ রতন শেখ, পিপিএম, অফিসার ইনচার্জ, সুনামগঞ্জ সদর মডেল থানা, সুনামগঞ্জকে মন্দিরে সংঘটিত চুরির ঘটনায় আনুমানিক ২৯,২০,০০০ (ঊনত্রিশ লক্ষ বিশ হাজার) টাকা মূল্যের বিভিন্ন মালামাল উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখায়, জনাব মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, অফিসার ইনচার্জ, বাহুবল থানা, হবিগঞ্জকে বিবিয়ানা গ্যাস ফিল্ডের লুণ্ঠিত আমদানিকৃত গ্যাস উত্তোলনের সরঞ্জাম উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখায়, জনাব উৎসব কর্মকার, এসআই (নিরস্ত্র), জৈন্তাপুর মডেল থানা, সিলেটকে আনুমানিক ১,৫৫,২৪,৫০০ (এক কোটি পঞ্চান্ন লক্ষ চব্বিশ হাজার পাঁচশত) টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধারে অবদান রাখায়, জনাব আহলাদ ইবনে জামিল, এসআই (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা মৌলভীবাজারকে সীমানা পিলার ও প্রাচীন কয়েনের প্রলোভন দেখিয়ে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে চারজন আসামিকে গ্রেফতার ও আলামত উদ্ধারে সক্ষম হওয়ায়, জনাব আবুল কালাম, এএসআই (নিরস্ত্র), কোম্পানীগঞ্জ থানা, সিলেটকে ২,৪৮১ বোতল বিদেশি মদ উদ্ধারে, জনাব রফিকুল ইসলাম, এসআই (নিরস্ত্র), বিয়ানীবাজার থানা, সিলেটকে ৭,০০০ পিস ইয়াবা উদ্ধারে, জনাব রাজিব কুমার রায়, এসআই (নিরস্ত্র), গোয়াইনঘাট থানা, সিলেটকে আনুমানিক ৩৮,৬৬,৪০০ (আটত্রিশ লক্ষ ছেষট্টি হাজার চারশত) টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধারে এবং জনাব মোঃ সাইফুল ইসলাম, এসআই (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, হবিগঞ্জকে একটি ক্লুলেস অপহরণ মামলার রহস্য উদ্ঘাটন এবং তিন বছর পূর্বের একটি মামলার ভিকটিমের কঙ্কালসহ পোশাক উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অধীন চার জেলার পুলিশ সুপারগণ, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আরআরএফ, সিলেটের কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারসমূহের কমান্ড্যান্টগণ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও জুম প্ল্যাটফর্মের মাধ্যমে সিলেট রেঞ্জের সকল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), কোর্ট পুলিশ পরিদর্শক, ডিআইও-১, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার/সহকারী পুলিশ সুপারগণ, থানার অফিসার ইনচার্জ এবং ফাঁড়ি, ক্যাম্প ও তদন্তকেন্দ্রের ইনচার্জগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

Ads