ডিবি হেফাজতে অভিনেতা তমাল

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
ডিবি হেফাজতে অভিনেতা তমাল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি মাঠসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তমাল মাহবুবকে আটক করা হয়েছে। এই অভিনেতার বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এদিকে, তমাল মাহবুবের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট পর্যালোচনা করে দেখা যায়, তিনি নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নিয়মিত পোস্ট দিতেন। গত কয়েক দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও নাশকতামূলক কর্মকাণ্ডের ছবি ও ভিডিও তার আইডি থেকে শেয়ার করা হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের সরকারি আবাসিক কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি। তিনি বিতর্কিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন।

Ads