তানোরে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী এখন দর্শনার্থীদের আকর্ষণ

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
তানোরে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী এখন দর্শনার্থীদের আকর্ষণ

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর গ্রামের প্রায় ৪০০ বছর বয়সি যুগলবন্দি বট-পাকুড় গাছ এখন পর্যটক আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। এই যুগলবন্দি বট -পাকুড়কে ঘিরে এলাকায় নানা রহস্য ও লোককথা প্রচলিত আছে। অজানা রহস্যঘেরা প্রকৃতির এই বিস্ময়কর যুগল এখন প্রকৃতিপ্রেমীদের মন কাড়ছে।

সরেজমিনে দেখা যায়, মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর গ্রামের প্রাচীন বট ও পাকুড় গাছ রাস্তার দুই পাশে বিস্তৃত। বিশাল শাখা-প্রশাখা আর মাটি ছোঁয়া ঝুড়ি-শিকড়ের জাল স্থানটিকে যেন সস্নেহ ছায়ায় জড়িয়ে রেখেছে। বাতাসে পাতার মর্মর ধ্বনি আর শান্ত গ্রামীণ পরিবেশ এক মায়াময় আবহ তৈরি করেছে।

স্থানীয়দের কাছে প্রায় ৪০০ বছরের পুরোনো এই যুগল বৃক্ষ একসময় রহস্যে ঘেরা স্থান হিসেবে পরিচিত থাকলেও, এখন তা ধীরে ধীরে পরিণত হচ্ছে স্থানীয় দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে।

ময়েনপুর গ্রাম ঘুরে দেখা যায়, এটি কেবল একটি একক বটগাছ নয়, বরং বট ও পাকুড় গাছের এক বিরল যুগলবন্দি রূপ। গ্রামের প্রবীণ ও মধ্যবয়সি বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এই গাছ দুটিকে ঘিরে প্রজন্মের পর প্রজন্ম ধরে নানা লোককথা ও জনশ্রুতি প্রচলিত রয়েছে।

গ্রামের প্রবীণ বাসিন্দা সাবের হোসেন বলেন, ‘ছোটোবেলায় এই পাকুড় গাছকে ঘিরে আমরা নানা ভীতিকর কথা শুনেছি। অনেক মা-বাবা বা মুরুব্বি এই গাছের ভয় দেখিয়ে শিশুদের ঘুম পাড়াতেন। এখন থেকে প্রায় ৩০ বছর আগেও ভয়ে দিনের বেলাতেও অনেকে এই পাকুড় গাছের কাছ দিয়ে একা যেতে ভয় পেতেন।’

তিনি বলেন, সময়ের সাথে সাথে মানুষের ধারণা বদলেছে। কুসংস্কার ও ভয়ের জায়গাটি দখল করেছে কৌতূহল আর প্রকৃতির প্রতি ভালোবাসা। এখন আশপাশের এলাকা থেকে মানুষ আসেন গাছ দুটি দেখতে। প্রকৃতির শীতল ছায়ায় প্রাণ জুড়ান। মুঠোফোন বা ক্যামেরায় ছবি তোলেন। জনসমাগম বেড়ে যাওয়ায় এলাকায় বেশ কয়েকটি দোকানও বসেছে। গ্রামের লোকজন ও দর্শনার্থীরা এসে সেখানে চা খান। এতে কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

গাছ দুটির প্রকৃত বয়স সম্পর্কে সুনির্দিষ্ট কোনো দালিলিক প্রমাণ বা জরিপ নেই। স্থানীয় বেশিরভাগ প্রবীণদের মতে গাছ দুটির বয়স আনুমানিক ৪০০ বছর। কারো কারো মতে এর বয়স আরও বেশি।

স্থানীয় বাসিন্দা সুমন আলী বলেন, ‘আমরা ছোটোবেলা থেকেই গাছগুলোকে এমন বিশাল আকারেই দেখে আসছি। এর সঠিক বয়স কেউ নিশ্চিত করে বলতে পারেন না। তবে অনেকের মতে, এই পাকুড় ও বট গাছের বয়স ৫০০ বছরও হতে পারে। এত পুরোনো গাছ আমাদের এলাকায় আর নেই।’

প্রত্নতত্ত্ব ও ইতিহাস গবেষকদের মতে, প্রাচীন বট বা পাকুড় গাছ প্রায়ই কোনো পুরোনো জনপদ, বাণিজ্যপথ বা গ্রামীণ স্মৃতির নীরব সাক্ষী হিসেবে টিকে থাকে।

স্থানীয় বাসিন্দা শামিম বলেন, প্রায়ই দূর-দূরান্ত থেকে লোকজন গাছটা দেখতে আসে, ছবি তোলে। পরিবেশটা খুব সুন্দর ও শান্ত। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, পর্যটকদের বিশ্রামের ব্যবস্থা এবং সঠিক রক্ষণাবেক্ষণ করা গেলে এটি সহজেই আশপাশের মানুষের জন্য একটি জনপ্রিয় অবকাশকেন্দ্রে পরিণত হতে পারে।

ময়েনপুর গ্রামের এই প্রাচীন বট ও পাকুড় গাছ এখন আর কেবল ভয়ের বা লোককথার অংশ নয়। বরং প্রকৃতি, ঐতিহ্য আর গ্রামীণ সম্ভাবনার এক জীবন্ত নিদর্শন হয়ে উঠেছে।

ওই এলাকার সাবেক কাউন্সিলর আতাউর রহমান জানান, পাকুড় ও বট গাছ এখন আর রহস্যে ঘেরা না। এটি এখন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের আকর্ষণীয় জায়গায় রুপ নিয়েছে। তীব্র খরতাপে এলাকার জনসাধারন গাছের নিচে শরীর জিরিয়ে নেয়। এমনকি শ্রমিকরাও কাজ করে ক্লান্ত শরির নিয়ে গাছের নিচে আরাম করে। আগামীতে যোগাযোগ ব্যবস্থা গাছ ও গাছের আশপাশে জায়গাটা উন্নয়ন করার চিন্তা রয়েছে। যাতে করে জায়গাটি আকর্ষণ সৃষ্টি করতে পারে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক একেএম সাইফুর রহমান বলেন, কোনো গাছের বয়স ৪০০ বা ৫০০ বছর কি না, তা কেবল লোককথায় নির্ধারণ করা সম্ভব নয়। বৈজ্ঞানিক পদ্ধতি, উদ্ভিদবিজ্ঞানীদের পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট এলাকার ইতিহাস বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা সম্ভব। তবে এত প্রাচীন বৃক্ষ প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এটি উদ্ভিদ বিজ্ঞানীরা ভালো বলতে পারবেন। এটি সরাসরি আমরা দেখিনি। দেখার পর মন্তব্য করতে পারবো।

Ads