বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব

জিনিউজ ডেস্ক ২৪
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব

ঃ ড. মাহরুফ চৌধুরী ঃ আন্তর্জাতিক সম্পর্কে রাজনৈতিক সৌহার্দ্য, কূটনৈতিক যোগাযোগ কিংবা কৌশলগত সহযোগিতা গুরুত্বপূর্ণ হলেও রাষ্ট্রে-রাষ্ট্রে সম্পর্কের স্থায়িত্ব অনেকাংশে নির্ভর করে পারস্পরিক অর্থনৈতিক স্বার্থের ওপর। বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উৎপাদনব্যবস্থা এবং সরবরাহ শৃঙ্খলের সংযোগই অনেক সময় রাজনৈতিক সম্পর্কের চেয়েও গভীর ও দীর্ঘস্থায়ী আন্তঃনির্ভরশীলতা তৈরি করে। আধুনিক আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনীতির আলোচনায় ক্রমেই স্পষ্ট হচ্ছে যে, কেবল সামরিক বা রাজনৈতিক প্রভাব নয়; বরং অর্থনৈতিক সহযোগিতা, বাজারের সংযোগ, প্রযুক্তির প্রবাহ এবং উৎপাদন নেটওয়ার্কের মধ্য দিয়েই রাষ্ট্রগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে।

বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের দিকে তাকালে এই বাস্তবতা বিশেষভাবে স্পষ্ট হয়ে ওঠে। দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ তাই শুধু কূটনৈতিক সৌহার্দ্যের ওপর নয়, বরং অর্থনৈতিক সহযোগিতাকে কতটা ভারসাম্যপূর্ণ, উৎপাদনশীল ও পারস্পরিক লাভজনক অংশীদারিত্বে রূপান্তর করা যায়, তার ওপরও নির্ভরশীল। আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক আলোচনায় ‘জটিল আন্তঃনির্ভরশীলতা’ (কমপ্লেক্স ইন্টারডিপেন্ডেন্স) ধারণাটি এখানে বিশেষভাবে প্রাসঙ্গিক।

এই ধারণা অনুযায়ী, আধুনিক বিশ্বে রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক শুধু রাজনৈতিক বা সামরিক শক্তির ভিত্তিতে পরিচালিত হয় না; বরং বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তি এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগের মধ্য দিয়েও পারস্পরিক নির্ভরশীলতা তৈরি হয়। তবে অর্থনৈতিক আন্তঃনির্ভরশীলতা সব সময় রাজনৈতিক স্থিতিশীলতার নিশ্চয়তা দেয় না। বরং তা সহযোগিতার পাশাপাশি নতুন ধরনের নির্ভরশীলতা, দর-কষাকষি এবং কৌশলগত চ্যালেঞ্জও তৈরি করতে পারে। ফলে কোনো দুটি রাষ্ট্র কতটা ঘনিষ্ঠ, তাদের সম্পর্ক কতটা গভীর এবং ভবিষ্যতে সেই সম্পর্ক কতটা টেকসই হতে পারে, তা মূল্যায়নের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হলো তাদের বাণিজ্য ও বিনিয়োগের প্রকৃতি।

বাংলাদেশ ও চীনের সম্পর্কের ক্ষেত্রেও এই বাস্তবতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক দশকে অবকাঠামো নির্মাণ, শিল্পায়ন, বিদ্যুৎ, যোগাযোগ, প্রযুক্তি এবং বাণিজ্যিক বিনিময়ের বিস্তৃত ক্ষেত্র দুই দেশের সম্পর্ককে একটি নতুন মাত্রায় নিয়ে গেছে। চীন এখন বাংলাদেশের সবচেয়ে বড় আমদানি উৎস এবং অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, বাস্তবতার আলোকে বলা যায়, বাংলাদেশ-চীন সম্পর্কের সবচেয়ে দৃশ্যমান, পরিমাপযোগ্য এবং কার্যকর ভিত্তি হলো অর্থনৈতিক সম্পর্ক। এই সহযোগিতা এখন আর দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো পার্শ্ববর্তী উপাদান নয়; বরং এর অন্যতম কেন্দ্রীয় চালিকাশক্তি। গত দুই দশকে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক বাণিজ্যের ব্যাপক সম্প্রসারণ ঘটেছে।

২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশ চীন থেকে প্রায় ১৮.৫৬ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে, বিপরীতে চীনে রপ্তানি করেছে প্রায় ৬৯৪.৫ মিলিয়ন ডলারের পণ্য। ফলে দুই দেশের পণ্যবাণিজ্যের মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৯.২৫ বিলিয়ন ডলারে। এই পরিসংখ্যান একদিকে বাংলাদেশের অর্থনীতিতে চীনের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরে, অন্যদিকে দ্বিপাক্ষিক বাণিজ্যের কাঠামোগত ভারসাম্যহীনতাও স্পষ্ট করে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি, শিল্প সরঞ্জাম, বৈদ্যুতিক পণ্য, রাসায়নিক দ্রব্য, ইস্পাতজাত পণ্য, টেক্সটাইল উপকরণ এবং প্রযুক্তিগত সরঞ্জামের ক্ষেত্রে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ চীন কেবল বাংলাদেশের ভোগ্যপণ্যের সরবরাহকারী নয়; বরং বাংলাদেশের উৎপাদনব্যবস্থারও একটি গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশ-চীন সম্পর্কের অর্থনৈতিক ভিত্তি বিশ্লেষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতির প্রকৃতি। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্যে বড় ধরনের ভারসাম্যহীনতা রয়েছে।

বাংলাদেশ চীন থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করলেও রপ্তানির পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম। ফলে দ্বিপাক্ষিক বাণিজ্যে বাংলাদেশের ঘাটতি উল্লেখযোগ্য। তবে এই ঘাটতির প্রকৃতি বিশ্লেষণ না করে কেবল সংখ্যার ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানো বিভ্রান্তিকর হতে পারে। অর্থনৈতিক বিশ্লেষণে সব ধরনের আমদানিকে নেতিবাচক হিসেবে দেখা হয় না।

বিশেষত যখন আমদানি করা পণ্য শিল্প উৎপাদন, অবকাঠামো নির্মাণ এবং রপ্তানিমুখী অর্থনীতিকে সহায়তা করে, তখন তার অর্থনৈতিক তাৎপর্য ভিন্ন হয়। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত বিপুল পরিমাণ সুতা, কাপড়, রাসায়নিক উপকরণ ও যন্ত্রপাতি চীন থেকে আসে, যা পরবর্তী সময়ে প্রক্রিয়াজাত হয়ে বৈশ্বিক বাজারে রপ্তানি হয়। এর পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র, অবকাঠামো নির্মাণ, টেলিযোগাযোগ, ইলেকট্রনিকস, নির্মাণসামগ্রী, প্রকৌশল শিল্প এবং উৎপাদন খাতের বহু উপকরণও চীন থেকে আমদানি করা হয়।

অর্থাৎ চীন থেকে আমদানিকৃত অনেক উপকরণ সরাসরি বাংলাদেশের উৎপাদন কাঠামোর অংশ হয়ে যায় এবং পরবর্তী সময়ে দেশের রপ্তানি আয় বৃদ্ধিতেও ভূমিকা রাখে। উন্নয়ন অর্থনীতিতে এ ধরনের আমদানিকে প্রায়ই ‘উৎপাদনশীল আমদানি’ হিসেবে বিবেচনা করা হয়। দক্ষিণ কোরিয়া, চীন ও ভিয়েতনামসহ বহু উদীয়মান অর্থনীতি তাদের শিল্পায়নের প্রাথমিক পর্যায়ে বিপুল পরিমাণ মূলধনী যন্ত্রপাতি, প্রযুক্তি ও কাঁচামাল আমদানি করেছিল। পরবর্তী সময়ে এসব উপকরণ ব্যবহার করেই তারা রপ্তানিমুখী শিল্প অর্থনীতি গড়ে তুলেছে।

তবে সব শিল্প-সম্পর্কিত আমদানিই যে স্বয়ংক্রিয়ভাবে উৎপাদনশীল বা অর্থনৈতিকভাবে লাভজনক, তা মনে করার কারণ নেই। কোনো আমদানি প্রকৃত অর্থে উৎপাদনশীল কি না, তা নির্ভর করে সেই আমদানি থেকে কতটা স্থানীয় মূল্য সংযোজন হচ্ছে, উৎপাদনশীলতা কতটা বাড়ছে এবং শেষ পর্যন্ত তা কতটা রপ্তানি আয়, কর্মসংস্থান কিংবা আমদানি বিকল্প উৎপাদন তৈরি করছে, তার ওপর।

একই সঙ্গে দীর্ঘমেয়াদে অতিরিক্ত বাণিজ্য ভারসাম্যহীনতা অর্থনৈতিক সম্পর্কে কাঠামোগত দুর্বলতার ইঙ্গিত দিতে পারে। যদি আমদানি দ্রুত বাড়তে থাকে কিন্তু রপ্তানি তুলনামূলকভাবে স্থবির থাকে, তাহলে বৈদেশিক মুদ্রার ওপর চাপ, একক বাজারের ওপর নির্ভরশীলতা এবং অর্থনৈতিক ঝুঁকি তৈরি হতে পারে। সুতরাং বাংলাদেশের জন্য চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার মূল প্রশ্ন শুধু বাণিজ্য ঘাটতি কমানো নয়; বরং কীভাবে এই সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ, উৎপাদনশীল এবং পারস্পরিক লাভজনক করা যায়, সেটি নিশ্চিত করা।

এই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন রপ্তানি বহুমুখীকরণ, চীনা বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বৃদ্ধি, যৌথ বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, মূল্য সংযোজনভিত্তিক শিল্প উন্নয়ন এবং আঞ্চলিক উৎপাদন শৃঙ্খলে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানো। অর্থনৈতিক সম্পর্ক তখনই টেকসই হয়, যখন তা একমুখী বাণিজ্য থেকে বেরিয়ে এসে যৌথ প্রবৃদ্ধি, শিল্প সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারিত্বে রূপ নেয়। বাংলাদেশ-চীন সম্পর্কের ভবিষ্যৎ শক্তি নির্ধারিত হবে মূলত এই রূপান্তর কতটা সফলভাবে ঘটানো যায়, তার ওপর।

চীনের অর্থনীতি যত বড়, তার বাজারও তত বিশাল। বিশ্বের অন্যতম বৃহৎ ভোক্তা ও আমদানিকারক বাজার হিসেবে চীন উন্নয়নশীল দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ রপ্তানি গন্তব্যে পরিণত হয়েছে। কৃষিপণ্য, সামুদ্রিক পণ্য, চামড়াজাত পণ্য, ওষুধ, পাটজাত পণ্য, হালকা প্রকৌশল পণ্য, সিরামিক, প্লাস্টিকজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য এবং তথ্যপ্রযুক্তি সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে বাংলাদেশের ওষুধ শিল্প, চামড়া শিল্প, হিমায়িত মাছ ও সামুদ্রিক পণ্য, পাটভিত্তিক পরিবেশবান্ধব পণ্য এবং কিছু বিশেষায়িত কৃষিপণ্যের ক্ষেত্রে সম্ভাবনা উল্লেখযোগ্য। তবে সম্ভাবনা থাকা আর সেই সম্ভাবনাকে বাণিজ্যিক সাফল্যে রূপান্তর করা এক বিষয় নয়।

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার জন্য শুধু পণ্যের প্রাপ্যতা যথেষ্ট নয়; প্রয়োজন মান, উৎপাদন সক্ষমতা, মূল্য প্রতিযোগিতা, সরবরাহের ধারাবাহিকতা এবং বাজার সম্পর্কে সুনির্দিষ্ট জ্ঞান। তাই বাংলাদেশ-চীন বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক হলো চীনের শুল্কমুক্ত বাজার সুবিধা। ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে চীন তার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন স্বল্পোন্নত দেশগুলোর জন্য ১০০ শতাংশ ট্যারিফ লাইনে শুল্কমুক্ত প্রবেশাধিকার কার্যকর করেছে। বাংলাদেশও এই সুবিধার আওতাভুক্ত। তবে ট্যারিফ কোটার আওতাভুক্ত পণ্যের ক্ষেত্রে নির্ধারিত কোটার সীমার বাইরে একই সুবিধা প্রযোজ্য নয়। বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সুযোগ।

কিন্তু শুধু বাজার উন্মুক্ত হলেই হবে না; সেই সুযোগ কাজে লাগানোর সক্ষমতাও থাকতে হবে। বাস্তবে অনেক উন্নয়নশীল দেশ বাজারপ্রবেশের আনুষ্ঠানিক সুযোগ পেলেও পণ্যের মান (কোয়ালিটি অ্যাসুরেন্স), পরিমাণ, সরবরাহের ধারাবাহিকতা, ব্র্যান্ডিং, সার্টিফিকেশন এবং লজিস্টিকস সমস্যার কারণে সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারে না। বাংলাদেশের ক্ষেত্রেও এই চ্যালেঞ্জগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের প্রস্তুতিকাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত সম্প্রসারিত হওয়ায় এই সময়কে রপ্তানি সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। তবে শুল্কমুক্ত বাজার সুবিধা স্থায়ী বা সব ধরনের অশুল্ক বাধামুক্ত প্রবেশাধিকারের নিশ্চয়তা দেয় না।

পণ্যের মান, স্বাস্থ্য ও নিরাপত্তাসংক্রান্ত শর্ত, উৎসবিধি (রুলস্ অব অরিজিন), পরীক্ষাগার সনদ এবং অন্যান্য নিয়ন্ত্রক শর্ত পূরণ করতে হবে। বিশেষ করে কৃষি ও খাদ্যপণ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক মান, ট্রেসেবিলিটি এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করা অপরিহার্য। ফলে বাংলাদেশের জন্য বাজারপ্রাপ্তির পাশাপাশি বাজারে প্রবেশের বাস্তব সক্ষমতা তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ। এখানেই বাংলাদেশের একটি দীর্ঘমেয়াদি দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। আমরা প্রায়ই বাজারপ্রাপ্তিকে সাফল্য হিসেবে বিবেচনা করি, কিন্তু বাজারে প্রবেশের জন্য প্রয়োজনীয় মান, উৎপাদন ক্ষমতা, সরবরাহ ব্যবস্থা, গবেষণা, প্যাকেজিং, বিপণন এবং রপ্তানি কৌশল নিয়ে তুলনামূলকভাবে কম মনোযোগ দিই।

আন্তর্জাতিক বাণিজ্যে সুযোগ সৃষ্টি যেমন গুরুত্বপূর্ণ, সেই সুযোগ ব্যবহার করার সক্ষমতা তৈরি করাও তেমনি গুরুত্বপূর্ণ। উন্নয়ন অর্থনীতিতে একে বলা হয় ‘সরবরাহ-দিকের সক্ষমতা’ (সাপ্লাই-সাইড কেপাসিটি)। যদি উৎপাদন ধারাবাহিক না হয়, মান আন্তর্জাতিক মানদণ্ডে না পৌঁছায়, সময়মতো সরবরাহ নিশ্চিত করা না যায় এবং রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত সহায়তা না পায়, তাহলে শুল্ক সুবিধা থেকেও প্রত্যাশিত ফল পাওয়া যায় না। বাংলাদেশের জন্য তাই প্রয়োজন একটি সুপরিকল্পিত ‘চীনা বাজারমুখী রপ্তানি কৌশল’।

এই কৌশলের মধ্যে থাকতে হবে সম্ভাবনাময় পণ্যের নির্বাচন, মান নিয়ন্ত্রণ অবকাঠামো শক্তিশালী করা, পরীক্ষাগার ও সার্টিফিকেশন সক্ষমতা বৃদ্ধি, কৃষি ও খাদ্যপণ্যের ট্রেসেবিলিটি ব্যবস্থা গড়ে তোলা, রপ্তানিকারকদের জন্য বাজারসংক্রান্ত তথ্য ও বিপণন সহায়তা প্রদান এবং চীনা বাজারে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক উপস্থিতি নিশ্চিত করা। ওষুধ শিল্পের ক্ষেত্রে আন্তর্জাতিক মান ও নিয়ন্ত্রক অনুমোদন, চামড়া শিল্পের ক্ষেত্রে পরিবেশসম্মত উৎপাদন ও সার্টিফিকেশন, পাটজাত পণ্যের ক্ষেত্রে পরিবেশবান্ধব বিকল্পের বাজার এবং কৃষি ও সামুদ্রিক পণ্যের ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা ও সরবরাহের ধারাবাহিকতা বিশেষ গুরুত্ব পাওয়া উচিত।

একই সঙ্গে চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলের বাজার চাহিদা, ভোক্তা আচরণ এবং বাণিজ্যিক বিধিবিধান সম্পর্কে বাংলাদেশের রপ্তানিকারকদের যথাযথ তথ্য ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে হবে।
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্কের পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হওয়া উচিত বিনিয়োগ এবং যৌথ শিল্পায়ন। আন্তর্জাতিক উন্নয়ন অভিজ্ঞতা দেখায়, যে দেশগুলো শুধু বিদেশি পণ্যের বাজার হিসেবে ব্যবহৃত হয়েছে, তারা দীর্ঘমেয়াদে তুলনামূলকভাবে সীমিত অর্থনৈতিক সুফল পেয়েছে।

বিপরীতে যে দেশগুলো বিদেশি বাণিজ্য ও বিনিয়োগকে উৎপাদন, প্রযুক্তি এবং শিল্প সক্ষমতা বৃদ্ধির সঙ্গে যুক্ত করতে পেরেছে, তারাই টেকসই অর্থনৈতিক রূপান্তর ঘটাতে সক্ষম হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও মূল প্রশ্ন হলো, আমরা কি চীনের সঙ্গে সম্পর্ককে কেবল আমদানি-রপ্তানির পর্যায়ে রাখব, নাকি এটিকে উৎপাদনশীল অর্থনৈতিক অংশীদারিত্বে উন্নীত করব? এই প্রশ্নের উত্তরই আগামী দশকে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রকৃত গভীরতা নির্ধারণ করবে। বাংলাদেশে চীনা বিনিয়োগের বাস্তব অবস্থা এই আলোচনায় বিশেষভাবে বিবেচনা করা প্রয়োজন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে চীনের মূল ভূখণ্ড থেকে বেসরকারি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ৪.৩৮ বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে হংকং থেকে বিনিয়োগ এসেছে আরও প্রায় ১৭৩ মিলিয়ন ডলার। ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত হংকংসহ চীনা বিনিয়োগের মোট স্থিতি ছিল প্রায় ২.৬৭ বিলিয়ন ডলার। এই পরিসংখ্যান বাংলাদেশের অর্থনীতিতে চীনের বিনিয়োগের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরে। তবে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগের প্রকৃতি, স্থানীয় অর্থনীতিতে তার অবদান এবং প্রযুক্তিগত সক্ষমতা সৃষ্টির বিষয়গুলোও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

বিশ্ব অর্থনীতিতে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ প্রবণতা হলো উৎপাদন ব্যবস্থার পুনর্বিন্যাস। ক্রমবর্ধমান শ্রম ব্যয়, ভূরাজনৈতিক বাস্তবতা, সরবরাহ শৃঙ্খলের বৈচিত্র্যকরণ, আঞ্চলিক উৎপাদন নেটওয়ার্কের বিস্তার এবং ঝুঁকি হ্রাসের কৌশলের কারণে বহু বহুজাতিক প্রতিষ্ঠান নতুন উৎপাদন কেন্দ্র খুঁজছে। একসময় যে উৎপাদন কার্যক্রম প্রায় সম্পূর্ণভাবে চীনে কেন্দ্রীভূত ছিল, তার একটি অংশ এখন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ভারত ও থাইল্যান্ড ইতোমধ্যে এই পুনর্বিন্যাসের উল্লেখযোগ্য সুবিধা পেয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশও একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার দেশ।

বৃহৎ শ্রমশক্তি, প্রতিযোগিতামূলক মজুরি, ক্রমবর্ধমান অবকাঠামো উন্নয়ন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং রপ্তানিমুখী শিল্পের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য একটি অনুকূল ভিত্তি তৈরি করেছে। চীনা বিনিয়োগ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে উৎপাদনমুখী শিল্প স্থাপনে ব্যবহৃত হলে তা কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর, রপ্তানি বৃদ্ধি এবং শিল্প বৈচিত্র্যকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষত ইলেকট্রনিকস, হালকা প্রকৌশল, যন্ত্রাংশ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জাম, রাসায়নিক শিল্প, টেক্সটাইল যন্ত্রপাতি, কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং ডিজিটাল প্রযুক্তিনির্ভর শিল্পে যৌথ উদ্যোগের সম্ভাবনা রয়েছে।

এই ধরনের বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতিকে শুধু বৃহত্তর করবে না; বরং আরও জটিল, বৈচিত্র্যময় এবং উচ্চ মূল্য সংযোজনসম্পন্ন উৎপাদন কাঠামোর দিকে এগিয়ে নিতে পারে। একই সঙ্গে চীনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশকে দক্ষিণ এশিয়া, ইউরোপ এবং অন্যান্য আন্তর্জাতিক বাজারে প্রবেশের একটি রপ্তানি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারে। তবে এর জন্য প্রয়োজন সুস্পষ্ট শিল্পনীতি, দক্ষ জনশক্তি, নির্ভরযোগ্য বিদ্যুৎ ও লজিস্টিকস ব্যবস্থা, চুক্তি বাস্তবায়নের সক্ষমতা এবং একটি স্থিতিশীল ও ব্যবসাবান্ধব পরিবেশ।

এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা প্রয়োজন যে, বিদেশি বিনিয়োগ এলেই স্বয়ংক্রিয়ভাবে প্রযুক্তি স্থানান্তর ঘটে না। অনেক ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব প্রযুক্তি, ব্যবস্থাপনা এবং সরবরাহ ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখে। ফলে বিনিয়োগের অর্থনৈতিক সুফল স্থানীয় অর্থনীতিতে কতটা ছড়িয়ে পড়ছে, তা নির্ভর করে স্থানীয় শিল্পের সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের সংযোগ, স্থানীয় সরবরাহকারীদের অংশগ্রহণ, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তি আয়ত্তকরণের সুযোগের ওপর।

বাংলাদেশের উচিত চীনা বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে শুধু বিনিয়োগের পরিমাণ বা প্রকল্পের সংখ্যা বিবেচনা না করে স্থানীয় মূল্য সংযোজন, কর্মসংস্থান, প্রযুক্তিগত প্রশিক্ষণ, গবেষণা সহযোগিতা এবং স্থানীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করা। আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনীতির আলোচনায় একটি গুরুত্বপূর্ণ উন্নয়নধারা হলো ‘বাণিজ্য থেকে বিনিয়োগ (ট্রেইড টু ইনভেস্টমেন্ট), বিনিয়োগ থেকে প্রযুক্তি (ইনভেস্টমেন্ট টু টেকনোলজি) এবং প্রযুক্তি থেকে উন্নয়ন (টেকনোলজি টু ডেভলপমেন্ট)’। সফল উন্নয়নশীল রাষ্ট্রগুলোর অভিজ্ঞতায় দেখা যায়, তারা আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার পর বিদেশি বিনিয়োগ আকর্ষণ করেছে।

সেই বিনিয়োগের মাধ্যমে প্রযুক্তি, ব্যবস্থাপনা দক্ষতা ও উৎপাদন সক্ষমতা অর্জন করেছে এবং শেষ পর্যন্ত সেগুলো ব্যবহার করে নিজস্ব শিল্প ও উদ্ভাবনভিত্তিক অর্থনীতি গড়ে তুলেছে। দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর এবং সাম্প্রতিক সময়ে ভিয়েতনামের অভিজ্ঞতা এই ধারার বিভিন্ন দিক তুলে ধরে। তবে এই রূপান্তর স্বয়ংক্রিয়ভাবে ঘটে না। এসব দেশের সাফল্যের পেছনে শুধু বিদেশি বিনিয়োগ নয়; বরং সুস্পষ্ট রাষ্ট্রীয় শিল্পনীতি, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তি আয়ত্তকরণ, গবেষণা এবং রপ্তানিমুখী উৎপাদনের সমন্বিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশের জন্যও এই রূপান্তরমূলক পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যদি কেবল আমদানি-রপ্তানির পরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে এর সম্ভাবনার একটি বড় অংশ অপূর্ণ থেকে যাবে। বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ককে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে, যেখানে যৌথ গবেষণা, প্রযুক্তি স্থানান্তর, শিল্প সহযোগিতা, দক্ষতা উন্নয়ন, বিশ্ববিদ্যালয়-শিল্প অংশীদারিত্ব এবং মানবসম্পদ উন্নয়ন অর্থনৈতিক সম্পর্কের কেন্দ্রবিন্দুতে স্থান পায়।

বিশেষ করে চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রযুক্তিগত সক্ষমতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় উৎপাদন, রোবটিকস, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি এবং ডিজিটাল অবকাঠামোর মতো ক্ষেত্রে সহযোগিতা ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত খুলে দিতে পারে। বাংলাদেশ যদি শুধু প্রস্তুত পণ্য আমদানিকারক হয়ে থাকে, তাহলে প্রযুক্তিগত নির্ভরতা বাড়বে; কিন্তু যদি যৌথ উৎপাদন, গবেষণা, প্রযুক্তি আয়ত্তকরণ ও দক্ষতা উন্নয়নের পথে এগোয়, তাহলে দীর্ঘমেয়াদে নিজস্ব সক্ষমতা তৈরি হবে। এই ক্ষেত্রে বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলা জরুরি।

চীনা বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, প্রযুক্তিগত প্রশিক্ষণ, শিক্ষার্থী ও গবেষক বিনিময় এবং শিল্পভিত্তিক দক্ষতা উন্নয়নের কর্মসূচি চালু করা যেতে পারে। একই সঙ্গে বাংলাদেশের তরুণ প্রকৌশলী, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং উদ্যোক্তাদের জন্য বাস্তবমুখী প্রশিক্ষণ ও প্রযুক্তি আয়ত্তকরণের সুযোগ সৃষ্টি করতে হবে। বিদেশি প্রযুক্তি আমদানি করার পাশাপাশি সেই প্রযুক্তি স্থানীয়ভাবে পরিচালনা, রক্ষণাবেক্ষণ, উন্নয়ন এবং নতুন উদ্ভাবনে ব্যবহার করার সক্ষমতা অর্জনই হওয়া উচিত দীর্ঘমেয়াদি লক্ষ্য।

তবে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্রে সম্ভাবনার পাশাপাশি ঝুঁকি ও নির্ভরশীলতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানো এবং জাতীয় অর্থনৈতিক স্বার্থ রক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখা অপরিহার্য। উন্নয়নশীল দেশগুলোর অভিজ্ঞতা দেখায়, বিদেশি বিনিয়োগ তখনই সর্বাধিক উপকারী হয়, যখন তা স্থানীয় অর্থনীতির সঙ্গে সংযুক্ত হয়, স্থানীয় সক্ষমতা ও সরবরাহকারী তৈরি করে, জনশক্তির দক্ষতা উন্নয়ন ঘটায় এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ায়।

বিনিয়োগ এমন হতে হবে, যা স্থানীয় শিল্পকে শক্তিশালী করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে, রপ্তানি সক্ষমতা বাড়াবে এবং অর্থনীতির উৎপাদনশীল ভিত্তিকে সম্প্রসারিত করবে। একই সঙ্গে পরিবেশগত মান, শ্রমিক অধিকার, করনীতি, প্রতিযোগিতা, প্রকল্পের স্বচ্ছতা এবং আর্থিক জবাবদিহির বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ করা, কিন্তু সেই সম্প্রসারণ যেন নতুন কোনো একমুখী নির্ভরশীলতার কাঠামো তৈরি না করে সে ব্যাপারে সতর্ক থাকা। গুরুত্বপূর্ণ শিল্পের কাঁচামাল, প্রযুক্তি কিংবা যন্ত্রপাতির ক্ষেত্রে একটি দেশের ওপর অতিরিক্ত নির্ভরতা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে।

একইভাবে বিদেশি ঋণ, বিনিয়োগের শর্ত, প্রকল্পের আর্থিক কার্যকারিতা এবং বৈদেশিক মুদ্রার দায় যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। অর্থনৈতিক অংশীদারিত্বের প্রকৃত সাফল্য নির্ভর করবে বাংলাদেশের নিজস্ব উৎপাদন সক্ষমতা, দর-কষাকষির ক্ষমতা এবং বিকল্প বাজার ও সরবরাহ উৎস বজায় রাখার সামর্থ্যের ওপর। চীনের সঙ্গে সম্পর্ক গভীর করার পাশাপাশি ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ করাও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক অংশীদারিত্বের বহুমুখীকরণ বাংলাদেশের কৌশলগত স্বাধীনতা ও আন্তর্জাতিক দর-কষাকষির সক্ষমতা বাড়াবে।

কেবল আমদানিনির্ভর ভোগবাদী অর্থনীতি গড়ে তোলা একটি স্বাধীন দেশের জন্য কোনো দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশল হতে পারে না। টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন উৎপাদনশীল বিনিয়োগ, শিল্প সক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং দক্ষ মানবসম্পদের সমন্বিত বিকাশ। বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারিত্বের প্রকৃত সাফল্য তখনই অর্জিত হবে, যখন এই সম্পর্ক বাংলাদেশের অর্থনীতিকে আরও উৎপাদনমুখী, প্রযুক্তিনির্ভর, বহুমুখী এবং বৈশ্বিক মূল্য শৃঙ্খলের সঙ্গে গভীরভাবে সংযুক্ত একটি অর্থনীতিতে রূপান্তর করতে সহায়তা করবে।

অর্থাৎ লক্ষ্য হওয়া উচিত শুধু বাণিজ্যের পরিমাণ বাড়ানো নয়; বরং এমন একটি অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা, যা বাংলাদেশের দীর্ঘমেয়াদি শিল্পায়ন, প্রযুক্তিগত সক্ষমতা এবং জাতীয় সমৃদ্ধির ভিত্তিকে আরও শক্তিশালী করবে। এই বৃহত্তর অর্থনৈতিক প্রেক্ষাপটে চীনের প্রস্তাবিত বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা হিসেবে বিবেচিত হতে পারে। ২০২৬ সালের জুনে বেইজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্টের বৈঠকে এই করিডোরের প্রস্তাব আলোচনায় আসে। প্রস্তাবিত উদ্যোগের মূল লক্ষ্য হলো চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের সঙ্গে মিয়ানমার হয়ে বাংলাদেশের যোগাযোগ ও অর্থনৈতিক সংযোগ প্রতিষ্ঠা করা।

এর মাধ্যমে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে নতুন বাণিজ্যিক ও পরিবহন সংযোগ গড়ে উঠতে পারে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিবেচনায় এ ধরনের উদ্যোগ আঞ্চলিক উৎপাদন, বাণিজ্য, পরিবহন এবং লজিস্টিকস ব্যবস্থায় নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। তবে এই প্রস্তাবকে অতীতের বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার (বিসিআইএম) অর্থনৈতিক করিডোরের সঙ্গে এক করে দেখা উচিত নয়। এটা ছিল চার দেশের অংশগ্রহণে একটি বৃহত্তর আঞ্চলিক সংযোগ উদ্যোগ। অন্যদিকে নতুন বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোরের প্রস্তাবের ভৌগোলিক ও রাজনৈতিক কাঠামো ভিন্ন। প্রস্তাবিত নতুন সংযোগের একটি সম্ভাব্য পথ চীনের ইউনান প্রদেশের কুনমিং থেকে মিয়ানমারের রাখাইন অঞ্চলের কিয়াউকফিউ বন্দর হয়ে বাংলাদেশের সঙ্গে সমুদ্রপথে সংযোগ স্থাপন।

প্রকৃতপক্ষে এই রুট, পরিবহনব্যবস্থা, বাংলাদেশের কোন বন্দর ব্যবহার করা হবে, সম্ভাব্য পণ্য পরিবহনের পরিমাণ এবং অর্থনৈতিক কার্যকারিতা কোনোটিই এখনো চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি। ফলে উদ্যোগটিকে একটি প্রস্তাবিত আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ কাঠামো হিসেবে বিবেচনা করাই যথাযথ। এই করিডোর বাস্তবায়িত হলে বাংলাদেশের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হতে পারে। প্রথমত, আঞ্চলিক বাণিজ্য ও পরিবহন সংযোগ সম্প্রসারিত হলে পণ্য পরিবহনের সময় ও ব্যয় কমানোর সুযোগ সৃষ্টি হতে পারে।

দ্বিতীয়ত, বাংলাদেশের বন্দর, সড়ক, রেল, নৌপরিবহন এবং লজিস্টিকস খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হতে পারে। তৃতীয়ত, বাংলাদেশের উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক উৎপাদন নেটওয়ার্কের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে পারে। চতুর্থত, বাংলাদেশের রপ্তানি পণ্য নতুন বাজারে প্রবেশের সুযোগ পেতে পারে। অর্থাৎ বাংলাদেশকে কেবল একটি ভোক্তা বাজার হিসেবে নয়, বরং উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও রপ্তানির একটি সম্ভাবনাময় আঞ্চলিক কেন্দ্রে পরিণত করার সুযোগ সৃষ্টি হতে পারে।

তবে এই সম্ভাবনাকে বাস্তব অর্থনৈতিক সুফলে রূপান্তর করতে হলে কয়েকটি মৌলিক বাস্তবতা বিবেচনায় নিতে হবে। মিয়ানমারের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা, বিশেষত রাখাইন অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি, এই করিডোরের বাস্তবায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। সেখানে চলমান সংঘাত, বিভিন্ন পক্ষের নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় না নিয়ে কোনো দীর্ঘমেয়াদি অবকাঠামোগত বা বাণিজ্যিক পরিকল্পনা কার্যকর করা সম্ভব নয়। পাশাপাশি প্রকল্পের অর্থায়ন কাঠামো, সম্ভাব্য রুট, পরিবহন ব্যয়, বাণিজ্যিক কার্যকারিতা, সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক সম্মতি এবং বাস্তবায়নের প্রাতিষ্ঠানিক কাঠামোও সতর্কতার সঙ্গে মূল্যায়ন করতে হবে।

বাংলাদেশের উচিত এই প্রস্তাবকে কোনো ভূরাজনৈতিক পক্ষের স্বার্থের সম্প্রসারণ হিসেবে না দেখে নিজস্ব অর্থনৈতিক স্বার্থ, আঞ্চলিক সংযোগ এবং জাতীয় নিরাপত্তার আলোকে মূল্যায়ন করা। করিডোরটি কেবল চীনা পণ্য পরিবহনের সুবিধা সৃষ্টি করলে বাংলাদেশের প্রত্যাশিত সুফল সীমিত থাকবে। বরং বাংলাদেশের রপ্তানি পণ্য, শিল্পপ্রতিষ্ঠান এবং স্থানীয় ব্যবসায়ীদের জন্য সমানভাবে কার্যকর বাণিজ্যিক সুযোগ নিশ্চিত করতে হবে। কোন বাংলাদেশি বন্দর ব্যবহার করা হবে, পরিবহন ব্যয় কত হবে, পণ্য পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশের বাণিজ্যিক স্বার্থ কতটা সুরক্ষিত থাকবে এবং বিনিয়োগের আর্থিক দায় কীভাবে বণ্টিত হবে এসব প্রশ্নের সুস্পষ্ট উত্তর প্রয়োজন।

একই সঙ্গে রোহিঙ্গা সংকট এবং রাখাইন অঞ্চলের স্থিতিশীলতার বিষয়টিও বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ যদি মিয়ানমারের রাখাইন অঞ্চলে স্থিতিশীলতা ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, তাহলে তা রোহিঙ্গা প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতেও সহায়ক হতে পারে। তবে এই সম্ভাবনাকে বাস্তবসম্মত কূটনৈতিক ও নিরাপত্তাগত মূল্যায়নের ভিত্তিতেই বিবেচনা করতে হবে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য প্রয়োজন একটি সমন্বিত অর্থনৈতিক ও কূটনৈতিক কৌশল। চীনের সঙ্গে সম্পর্ক গভীর করার পাশাপাশি ভারত, জাপান, আসিয়ান এবং অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার ভারসাম্য বজায় রাখতে হবে।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তাকে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত করার সম্ভাবনা রাখে। এই অবস্থানকে কাজে লাগাতে হলে কোনো একক রাষ্ট্রের ওপর নির্ভর না করে বহুপাক্ষিক অর্থনৈতিক সংযোগ, আঞ্চলিক সহযোগিতা এবং বিকল্প বাণিজ্যিক রুটের সুযোগ কাজে লাগাতে হবে। প্রস্তাবিত করিডোরের সম্ভাবনা মূল্যায়নের সময় বাংলাদেশের উচিত অর্থনৈতিক লাভ, জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি কৌশলগত স্বার্থকে একই সঙ্গে বিবেচনায় নেওয়া। বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ তাই শুধু দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। এর জন্য প্রয়োজন এমন একটি সুসমন্বিত নীতি, যা বাণিজ্য সম্প্রসারণ, উৎপাদনশীল বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, স্থানীয় শিল্পের বিকাশ এবং আঞ্চলিক সংযোগকে একই উন্নয়ন কাঠামোর মধ্যে নিয়ে আসবে।

বাংলাদেশের নীতিনির্ধারকদের উচিত চীনা বাজারে রপ্তানি বাড়ানোর জন্য অগ্রাধিকারভিত্তিক পণ্য নির্বাচন, মান নিয়ন্ত্রণ অবকাঠামো শক্তিশালী করা এবং রপ্তানিকারকদের প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করা। একই সঙ্গে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে উৎপাদনমুখী বিনিয়োগ আকর্ষণ, স্থানীয় শিল্পের সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের সংযোগ, প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং যৌথ গবেষণার সুযোগ বাড়াতে হবে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে স্থানীয় মূল্য সংযোজন, কর্মসংস্থান, পরিবেশগত মান, শ্রমিক অধিকার এবং আর্থিক স্বচ্ছতাকে অগ্রাধিকার দিতে হবে। প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরের ক্ষেত্রেও একটি স্বাধীন ও পূর্ণাঙ্গ অর্থনৈতিক, কারিগরি, নিরাপত্তাগত এবং ভূরাজনৈতিক সম্ভাব্যতা যাচাই ছাড়া কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।

পরিশেষে বলা যায়, চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের কূটনৈতিক সুসম্পর্ককে আরও গভীর ও কার্যকর করার সবচেয়ে বাস্তব ভিত্তি হলো অর্থনৈতিক সহযোগিতা। তবে এই সহযোগিতার সাফল্য শুধু দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি কিংবা অবকাঠামোগত বিনিয়োগের ওপর নির্ভর করবে না; বরং তা কতটা বাংলাদেশের নিজস্ব উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিগত দক্ষতা, রপ্তানি বৈচিত্র্যকরণ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে অবদান রাখছে, তার ওপর নির্ভর করবে। চীনের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত একমুখী আমদানিনির্ভরতা নয়; বরং পারস্পরিক স্বার্থ, সমতা, উৎপাদনশীল বিনিয়োগ এবং যৌথ সমৃদ্ধির ভিত্তিতে একটি টেকসই অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলা।

একবিংশ শতাব্দীর পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় অর্থনৈতিক শক্তিই ক্রমশ কৌশলগত শক্তিতে রূপান্তরিত হচ্ছে। যে রাষ্ট্র উৎপাদন, প্রযুক্তি, বাজার, অবকাঠামো এবং বিনিয়োগের ক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে, সেই রাষ্ট্রই আন্তর্জাতিক রাজনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব বিস্তারে সক্ষম হয়। তাই বাংলাদেশ-চীন সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারিত হবে এই প্রশ্নে যে, আমরা বাণিজ্য ও বিনিয়োগকে কেবল অর্থনৈতিক লেনদেন হিসেবে দেখব, নাকি জাতীয় উন্নয়ন, প্রযুক্তিগত রূপান্তর এবং শিল্পায়নের কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারব।

প্রস্তাবিত আঞ্চলিক অর্থনৈতিক করিডোরের সম্ভাবনা, যৌথ শিল্পায়ন, প্রযুক্তি স্থানান্তর এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির সুযোগগুলোকে জাতীয় স্বার্থের আলোকে কাজে লাগাতে পারলে এই অংশীদারিত্ব বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অর্থাৎ বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি বাণিজ্যে প্রতিষ্ঠিত হলেও, এর প্রকৃত ভবিষ্যৎ নিহিত রয়েছে পরিকল্পিত বিনিয়োগ, প্রযুক্তিগত সক্ষমতা অর্জন, যৌথ উৎপাদন এবং একটি অধিকতর উৎপাদনশীল, প্রতিযোগিতামূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার দীর্ঘমেয়াদি অভিযাত্রায়।

* লিখেছেন: ড. মাহরুফ চৌধুরী, ভিজিটিং ফ্যাকাল্টি, ইউনিভার্সিটি অব রোহ্যাম্পটন, যুক্তরাজ্য। Email: mahruf@ymail.com
(মতামত লেখকের সম্পূর্ণ নিজস্ব যা সম্পাদকীয় নীতির আওতাভুক্ত নয় ।)

Ads