নাটোরে নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি ঃ
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
নাটোরে নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামও জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) উপজেলার ঠাকুর লক্ষীকুল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তার প্রসিকিউশনের ভিত্তিতে গাঁজা সেবনের অপরাধে মো. আলিফ (২৩) ও বিকাশ (৪০) নামের দুই ব্যক্তিকে যথাক্রমে তিন মাস ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া মাদকদ্রব্য সেবন ও বিক্রয়ের অপরাধে মো. রাকিবুল নামের অপর এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে উদ্ধার করা মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উপস্থিত জনসাধারণের সামনে বিনষ্ট করা হয়। এ সময় স্থানীয়দের মধ্যে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টির পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, “মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকের কারণে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে। মাদক সেবন, বিক্রি ও বিস্তার রোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু বলেন, মাদকের অপব্যবহার ও অবৈধ কারবার বন্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। মাদকের বিস্তার রোধ, অপরাধ দমন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Ads