পোশাক খাতের অস্থিরতায় দিনে ক্ষতি ৪০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ
পোশাক খাতের অস্থিরতায় দিনে ক্ষতি ৪০০ কোটি টাকা

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষে প্রতিদিন বন্ধ থাকছে তৈরি পোশাক খাতের এক-তৃতীয়াংশ কারখানা। এতে দিনে ৪০০ কোটি টাকার বেশি ক্ষতি হচ্ছে দাবি বিজিএমইএর। ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়া এবং কারখানা স্থায়ীভাবে বন্ধের ঝুঁকিও বাড়ছে। এ পরিস্থিতিতে অর্থনৈতিক ক্ষতি ও রপ্তানি বাজার ধরে রাখতে দ্রুত অসন্তোষ নিরসন এবং মজুরি নিয়ে সমঝোতার পরামর্শ বিশ্লেষকদের।

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় জোগানদাতা তৈরি পোশাক শিল্প। দেশের মোট পণ্য রপ্তানির প্রায় ৮০ শতাংশই আসে এ খাত থেকে। ফলে এ শিল্পে সামান্য অস্থিরতাও প্রভাব ফেলে সামগ্রিক অর্থনীতিতে। কিন্তু মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনে ব্যাহত হচ্ছে উৎপাদন।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে, গত ২০২৫-২৬ অর্থবছরে মোট পণ্য রপ্তানি হয়েছে ৪৮ বিলিয়ন ডলারের বেশি পণ্য। এর মধ্যে শুধু তৈরি পোশাক থেকেই এসেছে ৩৮ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের প্রথম চার মাসে ১৭ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। যার ৭৬ শতাংশের বেশি এসেছে এ খাত থেকে। তবে চলমান অস্থিরতায় এক-তৃতীয়াংশ কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় দৈনিক ৪০০ কোটি টাকার বেশি রপ্তানি ক্ষতিগ্রস্থ হচ্ছে।

ব্যবসায়ীদের মতে, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে শীতকালীন পোশাকের ক্রয়াদেশ ও উৎপাদনের চাপ থাকে। ফলে এই সময়ে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় ব্যয় বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতাও কমতে পারে বাংলাদেশের।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘চলমান এই আন্দোলনের কারণে একটা সময় বেশ কিছু কারখানা বন্ধ হয়ে যাবে। সবচেয়ে বড় যে ক্ষতিটা হবে, দেশের বাইরের ক্রেতারা আতঙ্ক–উদ্বেগের কারণে এখান থেকে ব্যবসা সরিয়ে নেওয়ার পরিকল্পনা করতে পারে।

প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবিকা এবং অসংখ্য সহযোগী শিল্পের ভবিষ্যৎও এই শিল্পের সঙ্গে জড়িত। তাই চলমান সংকট দূর করে টেকসই সমাধানের তাগিদ বিশ্লেষকদের।

অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, ‘এই আন্দোলন যত বেশি রাজনীতিকিকরণ হবে এবং রাষ্ট্রীয় নিপীড়নের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে তত এটা জটিলতা সৃষ্টি করবে। অর্থনীতিতে ইতোমধ্যে বড় প্রভাব পড়ে গেছে। দ্রুত সমস্যা সমাধান না করলে এটার এমন প্রভাব পড়তে পারে, যেরকম প্রভাব শ্রীলংকায় পড়েছে।

এদিকে, মজুরি বৃদ্ধি দাবিতে শ্রমিকদের অন্দোলনের প্রেক্ষিতে ১ নভেম্বর নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। আর মজুরি চূড়ান্ত হোক না কেন ১ ডিসেম্বর থেকে নতুন বেতন কার্যকর হবে বলে জানিয়েছে বোর্ড।

Ads