ফ্রান্সে টানা ষষ্ঠ সপ্তাহান্তেও সরকারবিরোধী তীব্র বিক্ষোভ ; পুলিশের দায়মুক্তির বিরুদ্ধে প্রতিবাদীদের হুঁশিয়ারি

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
ফ্রান্সে টানা ষষ্ঠ সপ্তাহান্তেও সরকারবিরোধী তীব্র বিক্ষোভ ; পুলিশের দায়মুক্তির বিরুদ্ধে প্রতিবাদীদের হুঁশিয়ারি

ফ্রান্সে টানা ষষ্ঠ সপ্তাহান্তেও সরকারবিরোধী তীব্র বিক্ষোভ ; পুলিশের দায়মুক্তির বিরুদ্ধে প্রতিবাদীদের হুঁশিয়ারি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বৈষম্য এবং জনসেবার ক্রমাবনতির প্রতিবাদে টানা ষষ্ঠ সপ্তাহান্তে ফ্রান্সজুড়ে বিক্ষোভ মিছিল করেছেন হাজার হাজার মানুষ।

এএফপির বরাতে জানা গেছে, আয়োজকদের হিসাব অনুযায়ী, শনিবার দেশজুড়ে বিক্ষোভে প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ অংশগ্রহণ করেন।

লিল, মার্সেই ও লিয়নসহ বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

কিছু স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নত শিক্ষার পরিবেশের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন পরবর্তীতে দেশব্যাপী মূল্যবৃদ্ধি, অপর্যাপ্ত জনসেবা এবং পুলিশের বর্বরতার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়। ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ।

প্যারিসে হাজার হাজার মানুষ প্লাস দ্য লা রিপাবলিক চত্বরে সমবেত হন। পরে তাঁরা উৎসবমুখর পরিবেশে শহরের পূর্বাঞ্চলের দিকে মিছিল করেন। মিছিলে সংগীতশিল্পী, খাবারের ট্রাক, বিচিত্র পোশাক এবং হাতে তৈরি প্ল্যাকার্ড দেখা যায়। শ্রমিক ইউনিয়ন ও বামপন্থী রাজনৈতিক দলগুলোর পতাকার পাশাপাশি শিক্ষার্থী সংগঠন এবং ইয়েলো ভেস্ট আন্দোলনের পতাকাও দেখা যায়। উল্লেখ্য, প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোনের সরকারকে নাড়িয়ে-দেয়া সেই বিক্ষোভের অষ্টম বার্ষিকী পালন করছে ইয়েলো ভেস্ট আন্দোলন।

কয়েকজন বিক্ষোভকারী সামাজিক নিরাপত্তা ও শিক্ষাসহ বিভিন্ন জনসেবার মৃত্যুর প্রতীক হিসেবে কৃত্রিম কবরের ফলক স্থাপন করেন। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, “আমি বেঁচে থাকতে চাই, শুধু কোনোমতে টিকে থাকতে চাই না।

শিক্ষার্থী ইউনিয়ন ‘ইউনেফ’-এর মহাসচিব মানোঁ মোরে বলেন, কয়েকটি দেশের তরুণেরা একই ধরনের অর্থনৈতিক সংকটের মুখোমুখি হচ্ছেন।

তিনি বলেন, “বেশ কয়েকটি দেশের তরুণেরা একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, অর্থাৎ অনিশ্চয়তা ও আর্থিক সংকটের মধ্যে রয়েছেন। তাঁদের বেছে নিতে হচ্ছে—মাথা গোঁজার ঠাঁই থাকবে, চিকিৎসাসেবা পাবেন, নাকি পেট ভরে খেতে পারবেন।

পুলিশবিষয়ক আইনের বিরুদ্ধে প্রতিবাদ

শুক্রবার পার্লামেন্টে গৃহীত একটি আইনের বিরুদ্ধেও এই বিক্ষোভে ক্ষোভ প্রকাশ পেয়েছে। ওই আইনে অস্ত্র ব্যবহারকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য সুরক্ষা বাড়ানো হয়েছে। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, “হত্যার লাইসেন্সের বিরুদ্ধে প্রতিবাদ।

এএফপির হিসাব অনুযায়ী, বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে অন্তত ৩১ জন গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, আহত ব্যক্তিদের আইনজীবীদের তথ্য এবং বিভিন্ন বেসরকারি সংস্থার নথির ভিত্তিতে এই হিসাব তৈরি করা হয়েছে।

তবে কর্তৃপক্ষ এখন পর্যন্ত হতাহতের কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি।

পুলিশবিষয়ক আইনটি গৃহীত হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ আঞ্চলিক কর্তৃপক্ষকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সবচেয়ে বেশি বৈরী মনোভাবাপন্ন গোষ্ঠীগুলোর ব্যাপারে “বিশেষভাবে সতর্ক” থাকার আহ্বান জানিয়েছেন।

তবে শ্রমিক ইউনিয়ন ও অধিকারকর্মীরা আগামী কয়েক সপ্তাহেও আরও বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।

Ads