বৈশাখী টিভির ডিএমডি গ্রেপ্তারের পরে কালিয়াকৈর থেকে কারাগারে

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
বৈশাখী টিভির ডিএমডি গ্রেপ্তারের পরে কালিয়াকৈর থেকে কারাগারে

রাজধানীর মহাখালীতে অবস্থিত বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। পরে গাজীপুরের কালিয়াকৈরে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। রবিবার দুপুরে তাকে গাজীপুর জেলহাজতে (কারাগার) পাঠিয়েছে কালিয়াকৈর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে রাজধানীর মহাখালীতে অবস্থিত বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রধান কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এমন পরিস্থিতি থেকে উদ্ধারের আকুতি জানিয়ে ওই কার্যালয়ের ছাদ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভ করেন প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিক। বিকেল সাড়ে ৩টার দিকে বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ওই ঘটনাটি সরাসরি সম্প্রচার করা হয়।

এতে একজন সাংবাদিক দাবী করেন, একদল লোক টেলিভিশনটির কার্যালয়ে হামলা ও ভাংচুর চালানো হয়েছে। মূল ফটকে তালা দিয়ে তাদের অবরুদ্ধ করায় বাধ্য হয়ে ছাদ থেকে লাইভ করা হচ্ছে। ওই ঘটনায় তাদের একজন সংবাদকর্মী আহত হয়েছেন। এ হামলার কারণে তারা নিচে নামতে পারছেন না। বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন প্রধান কার্যালয়ে প্রবেশের পর তাকে ঘিরে রাখে একদল লোক।

খবর পেয়ে বনানী থানা পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে সংঘটিত হত্যা মামলার আসামী বলেও দাবী পুলিশের। ওইদিন রাতেই তাকে গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বনানী থানা পুলিশ। পরে কালিয়াকৈর উপজেলার আনসার একাডেমি এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের সংঘঠিত হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। রবিবার দুপুরে তাকে গাজীপুর জেলহাজতে (কারাগার) পাঠিয়েছে কালিয়াকৈর থানা পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই আসামীকে গ্রেপ্তারের পর তাকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Ads