শুল্ক ফাঁকির অভিযোগ, জব্দ ১০ হাজার শলাকা সিগারেট; পরীক্ষায় স্ট্যাম্প জাল প্রমাণিত

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ণ
শুল্ক ফাঁকির অভিযোগ, জব্দ ১০ হাজার শলাকা সিগারেট; পরীক্ষায় স্ট্যাম্প জাল প্রমাণিত

কুষ্টিয়ার মিরপুরে শুল্ক ফাঁকি দিয়ে জাল ব্যান্ডরোল ব্যবহার করে সিগারেট উৎপাদনের অভিযোগে গোল্ডেন বেঙ্গল টোব্যাকো কোম্পানির মালিক আতিয়ার রহমান ও তাঁর ভাই রাজু আহমেদসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। অভিযানে জব্দ করা ১০ হাজার শলাকা সিগারেটের নমুনা পরীক্ষায় ব্যবহৃত স্ট্যাম্প জাল বলে প্রমাণিত হয়েছে।

গত সোমবার (২৩ নভেম্বর) কুষ্টিয়ার মিরপুর থানায় মামলাটি দায়ের করেন কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল-২, ভেড়ামারার সহকারী রাজস্ব কর্মকর্তা মমিনুল ইসলাম। মামলার নম্বর ২৩, তারিখ ২৩/১১/২০২৬। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-ক ধারার (ক) ও (খ) উপধারায় মামলাটি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

মামলার আসামিরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া এলাকার হোসেন আলীর ছেলে গোল্ডেন বেঙ্গল টোব্যাকো কোম্পানির যৌথ মালিক আতিয়ার রহমান (৫৬), তাঁর ছোট ভাই রাজু আহমেদ (৫০), কোম্পানির ডেপুটি ম্যানেজার ও শহরের আড়ুয়াপাড়া এলাকার সামসুল আলমের ছেলে সাইফুল আলম (৫০) এবং কোম্পানির ম্যানেজার ও মিলপাড়া এলাকার মৃত ইস্রাফিলের ছেলে নঈম ইকবাল (৪৭)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর মিরপুর উপজেলা প্রশাসন ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে গঠিত একটি অভিযানিক দল উপজেলার বারুইপাড়ার কেউপুর এলাকায় অবস্থিত গোল্ডেন বেঙ্গল টোব্যাকো কোম্পানিতে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটি তল্লাশি করে নকল স্ট্যাম্পযুক্ত সন্দেহে এক হাজার প্যাকেট বেঙ্গল স্পেশাল সিগারেট জব্দ করা হয়। প্রতি প্যাকেটে ১০ শলাকা হিসেবে জব্দ সিগারেটের মোট পরিমাণ ছিল ১০ হাজার শলাকা।

পরে জব্দ সিগারেটের ১২ প্যাকেট নমুনা পরীক্ষার জন্য গাজীপুরের দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদনে নমুনা সিগারেটের ব্যবহৃত স্ট্যাম্পের কাগজ, মুদ্রণ ও নিরাপত্তা বৈশিষ্ট্যের ফয়েল সঠিক পাওয়া যায়নি। পাশাপাশি অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্যও অনুপস্থিত ছিল।

পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সিগারেটের স্ট্যাম্প জাল বলে নিশ্চিত হয়। পরে সংশ্লিষ্ট কর্মকর্তা বাদী হয়ে কোম্পানির মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মিরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে একাধিক সূত্রের দাবি, গোল্ডেন বেঙ্গল টোব্যাকো কোম্পানির যৌথ মালিক আতিয়ার রহমান ও তাঁর ভাই রাজু আহমেদ দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে তামাক গুদামজাত এবং বিভিন্ন টোব্যাকো প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছেন। এর আগে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তারা একাধিকবার অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানাও করেছেন বলে সূত্রগুলো জানিয়েছে।

এছাড়া কুষ্টিয়া শহরতলির মিনাপাড়া এলাকার ১২টি পরিবারের প্রায় ৩০ কোটি টাকা মূল্যের সম্পত্তি এনআইডি জালিয়াতির মাধ্যমে ভুয়া মালিক সাজিয়ে নিজেদের নামে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ রয়েছে আতিয়ার রহমান ও রাজু আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা- সমালোচনা চলছে।

Ads