৩০০ ফিটে ‘ডাকাতির ভিডিও’ ভাইরাল, আসল ঘটনা কী?

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ণ
৩০০ ফিটে ‘ডাকাতির ভিডিও’ ভাইরাল, আসল ঘটনা কী?

রাজধানীর ৩০০ ফিট সড়কে গভীর রাতে একটি প্রাইভেট কার আটকে ডাকাতির চেষ্টার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। ভিডিওতে দেখা যায়, সড়কের একটি চেকপোস্টে কয়েকজন যুবক গাড়িটি থামানোর চেষ্টা করছেন।

সোমবার দিবাগত রাত থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর ক্যাপশনে দাবি করা হয়, ‘৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতি, ড্যাশক্যামে ধরা পড়ল ভয়ংকর মুহূর্ত!

ভিডিওতে আরও দেখা যায়, গাড়ি না থামানোয় বাইরে থেকে লাঠিসোঁটা দিয়ে সেটি ভাঙচুর করা হচ্ছে। এ সময় গাড়ির ভেতরে থাকা ব্যক্তিদের চিৎকার করে ভাঙচুর না করার আকুতি জানাতেও শোনা যায়। একপর্যায়ে চেকপোস্টের ব্যারিকেডে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে চলে যায় গাড়িটি।

শুধু সামাজিক যোগাযোগমাধ্যম নয়, দেশের কয়েকটি গণমাধ্যমেও ভিডিওটি ডাকাতির ঘটনা হিসেবে প্রকাশিত হয়। তবে অনুসন্ধানে জানা গেছে, এটি ডাকাতির কোনো ঘটনা নয়। গত ১৮ নভেম্বর রাতে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির আগের দিন একটি ককটেল বিস্ফোরণের পর সন্দেহভাজন একটি প্রাইভেট কারকে ধাওয়া করে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। একপর্যায়ে মস্তুল চেকপোস্টের কাছে গাড়িটি ভাঙচুর করা হয়।

ঘটনার বিষয়ে মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে বলা হয়, রাজধানীর ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানায় পুলিশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়ে অসমর্থিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা সবার দায়িত্ব। কোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধের তথ্য পেলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না দিয়ে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ভিডিওটির সত্যতা যাচাই করে দেখা যায়, ড্যাশক্যামের ফুটেজটি গত ১৮ নভেম্বর রাত ১১টা ৫৪ মিনিটের। এটি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের, যা ৩০০ ফিট সড়ক নামে পরিচিত। খিলক্ষেত থানা পুলিশও ঘটনাটি ১৮ নভেম্বর রাতের বলে নিশ্চিত করেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির আগের দিন রাতে ৩০০ ফিট সড়কের রূপগঞ্জ থানার নীলা মার্কেট-সংলগ্ন এক্সপ্রেসওয়ে চত্বরে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতা প্রতিরোধে ওই এলাকায় আগে থেকেই অবস্থান করছিলেন রূপগঞ্জ থানা ছাত্রদল ও যুবদলের ৫০ থেকে ১০০ জন নেতা-কর্মী। তারা নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর অনুসারী। সেখানে ছিলেন তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) শিবলু ভূঁইয়াও।

পুলিশ জানায়, ককটেল বিস্ফোরণের শব্দ পেয়ে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা একটি প্রাইভেট কারকে সন্দেহ করেন। পরে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে গাড়িটিকে ধাওয়া করেন তাঁরা। প্রাইভেট কারটি দ্রুতগতিতে ঢাকার দিকে রওনা দেয়। একপর্যায়ে খিলক্ষেত থানার মস্তুল চেকপোস্টে পৌঁছালে গাড়িটির গতি কমে আসে। এ সময় মোটরসাইকেলে থাকা নেতা-কর্মীরা গাড়িটি ভাঙচুর করেন। তবে ব্যারিকেডে ধাক্কা দিয়ে গাড়িটি দ্রুত পালিয়ে যায়। পরে আর সেটিকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে সোমবার বিকেলে শিবলু ভূঁইয়া জানান, প্রাইভেট কারটি থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়া হয়। পরে তিনি পূর্বাচল পুলিশ ফাঁড়ির এক সদস্যের সহায়তায় মস্তুল চেকপোস্টে বিষয়টি জানান। পুলিশ গাড়িটি থামানোর সংকেত দিলেও সেটি না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এ কারণে তাঁদের নেতা-কর্মীরা গাড়িটির পিছু নিয়ে ভাঙচুর করেন। ঘটনাটিকে ডাকাতি হিসেবে প্রচার করা সম্পূর্ণ বিভ্রান্তিকর বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাটি কয়েক দিন আগের। ভিন্ন একটি ঘটনাকে ডাকাতি বলে প্রচার করা হচ্ছে।

এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

Ads