ঢাকায় পৌঁছেছে হাদির মরদেহ, জানাজা শনিবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৭:১০ অপরাহ্ণ
ঢাকায় পৌঁছেছে হাদির মরদেহ, জানাজা শনিবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

Screenshot

ঢাকায় পৌঁছেছে শরিফ ওসমান হাদির মরদেহ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৮৫ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ‌৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

শুক্রবার বিকেলে এক বার্তায় ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।

বার্তায় বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ সুশৃঙ্খলভাবে বহন করে শাহবাগগামী রাস্তার দুই পাশে অবস্থান নেওয়ার মাধ্যমে গ্রহণ করা হবে। এরপর সর্বসাধারণের সাক্ষাতের জন্য মরদেহটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।

ইনকিলাব মঞ্চ তাদের বার্তায় শহিদ ওসমান হাদিকে “জুলাই জজবার প্রাণ” এবং “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীর” হিসেবে উল্লেখ করে সবাইকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

শহিদ ওসমান হাদির নামাজে জানাজা

আগামীকাল শনিবার (১৯ ডিসেম্বর) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শহিদ ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।

Ads