স্বাধীন বাংলাদেশে জামায়াতকে আমরা সমর্থন করতে পারিনা – মির্জা ফখরুল

আবু সাঈদ, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
স্বাধীন বাংলাদেশে জামায়াতকে আমরা সমর্থন করতে পারিনা – মির্জা ফখরুল

স্বাধীন বাংলাদেশে আমরা জামায়াতকে সমর্থন করতে পারি না বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের বড়গাঁও আলিম মাদরাসা এলাকায় নির্বাচনি সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, স্বাধীন বাংলাদেশে আমরা কি জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারি? আমি আপনাদের কাছে পরিস্কার জানতে চাই- পারি? পারিনা ভাই। এটা হচ্ছে নৈতিকতার প্রশ্ন, আমার দেশ বাংলাদেশ, আমি স্বাধীন দেশে বিশ্বাস করি।

তিনি বলেন, এই দেশে যে বিশ্বাস করেনা সে আমার দেশের উন্নতি করবে কেমন করে? তারা তো এই দেশটাকেই বিশ্বাস করেনা। আমরা সেজন্যে পরিস্কার করে বলতে চাই- আমরা জামায়াতে ইসলামকে এইজন্যে ভোট দেবোনা, জামায়াতে ইসলাম বিশ্বাসযোগ্য নয় কারণ তারা আমাদের স্বাধীনতা- সার্ভভৌমত্বের প্রশ্নে রক্ষা করতে পারবে কি পারবে না।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির ভোটটা আমার দেশের স্বাধীনতাকে, গণতন্ত্রকে রক্ষা করার জন্য একটা বড় সুযোগ এসেছে। সেই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই।

মির্জা ফখরুল বলেন, জামায়াতকে আগে দেখছেন আপনারা? আমরা দেখছি। আমরা স্বাধীনতার আগেও জামায়াতকে দেখছি, তার আগে আমাদের বাবা-চাচারা দেখছে। আমার আব্বা মির্জা রুহুল আমিন চোখা মিয়া প্রায় সময় বলতেন – জামায়াত থেকে সাবধানে থাইকো। আমি বলতাম কেন- তিনি বলতেন জামায়াত একটা মুনাফেক দল। কথা বলে এক রকম, কাজ করে আরেক রকম।

তিনি বলেন, জামায়াত পাকিস্তান আন্দোলনে সমর্থন করে নাই। এটা সত্য কথা, ইতিহাসের কথা। আবার ১৯৭১ সালে আমরা যখন স্বাধীনতার যুদ্ধ শুরু করলাম তখন তারা বিরোধীতা করলো, আমার স্বাধীনতার বিরোধীতা করলো। বলল- পাকিস্তান ভাঙ্গার কোন দরকার নাই। পাকিস্তান কি আমরা ভাঙছি স্বাদে? পাকিস্তানিরা যখন আমাদের ওপর অত্যাচার শুরু করছে, আমাদের গুলি করে মারতে শুরু করছে- তখনি না আমরা যুদ্ধ করে পাকিস্তান ভাঙ্গছি। পাকিস্তানি সেনাবাহিনী আমার দেশের লোককে গুলি করে হত্যা করছে, ৩০ লক্ষ মানুষকে হত্যা করছে। ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম নষ্ট করছে। সেসময় জামায়াত পাকিস্তান বাহিনীকে সমর্থন করছে।

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সকলের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। নির্বাচিত হলে সারের সংকট দূর করবেন বলে প্রতিশ্রুতি দেন।

 

Ads