প্রশাসকের দাযিত্ব পালনে অসম্মতি

জয়পুরহাটের তিলকপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ইউপি সদস্য পিন্টু

জয়পুরহাট প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
জয়পুরহাটের তিলকপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ইউপি সদস্য পিন্টু

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) দীর্ঘদিন ধরে নির্বাচিত চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান অনুপস্থিত থাকায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছিল। এ অবস্থায় এক বছর প্রশাসকের মাধ্যমে পরিষদের কার্যক্রম পরিচালিত হওয়ার পর এবার এক ইউপি সদস্যকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ৯ মার্চ জেলা প্রশাসক (ডিসি) আল-মামুনের এক অফিস আদেশে তাঁকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়। ইউপি সদস্য মামুনুর রশিদ পিন্টুর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নতুন দায়িত্ব পাওয়ায় ইউনিয়ন পরিষদের নাগরিকদের সেবা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে আশা করছেন ইউনিয়নের নাগরিকেরা।
‎
জেলা প্রশাসকের কার্যালয় ও তিলকপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সেলিম মাহবুব সজলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তিনি আত্নগোপনে ছিলেন। প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন না করায় পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল।

এ পরিস্থিতিতে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি এক বছরের ধরে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করেন।

তবে বিভিন্ন কারণে প্রশাসকের দায়িত্ব পালনে অনিহা প্রকাশ করেন। প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন আনা হয়। পরে জেলা প্রশাসনের এক অফিস আদেশে ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য মো. মামুনুর রশিদ পিন্টুকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখা এবং স্থানীয় জনগণের সেবা নিশ্চিত করার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎তিলকপুর বাসিন্দা আজমল হোসেন বলেন, তিলকপুর ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। জনপ্রতিনিধি না থাকায় নাগরিকদের সমস্যা হচ্ছিল। ইউপি সদস্য মামুনুর রশিদ পিন্টু ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার নাগরিক দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে।

ইউপি সদস্য মামুনুর রশিদ পিন্টু বলেন, আমি জেলা প্রশাসকের দাপ্তরিক অফিস আদেশ পেয়েছি। সেই অনুযায়ী কাজ করছি।

Ads