ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঝিনাইদহে পবিত্র শবে কদর পালিত

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ
ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঝিনাইদহে পবিত্র শবে কদর পালিত

পবিত্র শবে কদর উপলক্ষে ঝিনাইদহ জেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাতব্যাপী ইবাদত-বন্দেগি পালিত হয়েছে। জেলার বিভিন্ন এলাকার মুসল্লি নারী-পুরুষ প্রতিবছরের মতো এ বছরও এই মহিমান্বিত রাত পালনে নানা ধর্মীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন।

দিনভর রোজা পালনের পর ইফতারের পর থেকে জেলার বিভিন্ন মসজিদে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আসগার, মিলাদ মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় গভীর রাত পর্যন্ত ইবাদতে মশগুল থাকেন।

শবে কদর উপলক্ষে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় গরিব ও দুস্থ মানুষের মাঝে খাবার ও ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। অনেক পরিবারও নিজেদের সামর্থ্য অনুযায়ী গরিবদের সহায়তা করছেন। এদিকে জেলার বিভিন্ন খানকা ও মাজারেও ভক্তদের উপস্থিতি দেখা গেছে। সেখানে অনেকেই মানত আদায় করছেন এবং দোয়া-মোনাজাতে অংশ নিচ্ছেন। পাশাপাশি অনেক পরিবার ঘরোয়া পরিবেশে কোরআন তিলাওয়াত, নফল নামাজ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন।

ইসলামী বিশ্বাস অনুযায়ী, পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ একটি রাত। পবিত্র কোরআন এই রাতেই নাজিল হয়েছিল। তাই মুসলমানদের কাছে এই রাতের গুরুত্ব অনেক বেশি।

ধর্মপ্রাণ মুসল্লিরা এই রাতে বেশি বেশি ইবাদত, দোয়া ও ইস্তেগফার করে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের আশায় থাকেন। সব মিলিয়ে পবিত্র শবে কদর উপলক্ষে ঝিনাইদহ জেলায় ধর্মীয় আবহ ও ভক্তিময় পরিবেশ বিরাজ করছে। মুসল্লিরা গভীর রাত পর্যন্ত ইবাদত-বন্দেগির মাধ্যমে এই মহিমান্বিত রাত পালন করছেন।

 

Ads