ফকিরহাটে স্বল্প সময়ে তিন সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল এক জনের, আহত ২

ফটিক ব্যানার্জি, ফকিরহাট প্রতিনিধি (বাগেরহাট)ঃ
প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
ফকিরহাটে স্বল্প সময়ে তিন সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল এক জনের, আহত ২

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় প্রায় দুই ঘণ্টার মধ্যে ঘটে যাওয়া তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের পাগলা-শ্যামনগর এলাকায় আরা ফিলিং স্টেশনের সামনে একটি দুর্ঘটনায় মো. ইয়াছিন শেখ (৫৫) গুরুতর আহত হন। তিনি মোটরসাইকেলে করে জ্বালানি নিতে পাম্পে ঢোকার সময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আঘাতপ্রাপ্ত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। নিহত ইয়াছিন শেখ উপজেলার সাতশৈয়া গ্রামের বাসিন্দা এবং শেখ আ. বারীর ছেলে।

ঘটনার পরপরই সংশ্লিষ্ট বাসটি দ্রুত স্থান ত্যাগ করে। এতে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

একইদিন বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পিলজঙ্গ তেলির পুকুর এলাকায় একটি ক্রেন উল্টে গিয়ে ইসরাফিল শেখ (২৭) নামে এক ব্যক্তি আহত হন। একই সময় খুলনা-মোংলা মহাসড়কের শ্যামবাগাত এলাকায় একটি বাসের ধাক্কায় এক অজ্ঞাতনামা সাইকেল আরোহী গুরুতর আহত হন।

আহত দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, ঘটনাগুলোর বিষয়ে পুলিশ অবগত রয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

 

Ads