তানোরে অসহায় দরিদ্র ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জনসাধারণের মাঝে ছাগল বিতরণ

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
তানোরে অসহায় দরিদ্র ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জনসাধারণের মাঝে ছাগল বিতরণ

রাজশাহীর তানোরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থিক, সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগী ১শ’ ৫০ জন নারী পুরুষদের মাঝে বিনামূল্যে ২টি করে ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার সকালের দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ চত্বরে এসব ছাগল বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ওয়াজেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার সাজু চৌধুরী, ভেটেরিনারি সার্জন ডাঃ সুমন মিয়া, মামুনুর রশিদ প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীগন ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ওয়াজেদ আলী বলেন, অত্র উপজেলার ২টি পৌরসভা ও ৭ ইউনিয়ন থেকে যাচাই বাছাই করে ১শ’ ৫০ জন সুফল ভোগীর মধ্যে ২টি করে মোট ৩শ’ টি ছাগল প্রদান করা হয়। এসব ছাগল লালন পালন করে যাতে দরিদ্র জনগোষ্ঠী স্বচ্ছতা আনতে পারে এজন্য বর্তমান সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এসব ছাগল যাতে করে উপকার ভোগীর অযথা বিক্রি করতে না পারে সেজন্য নিয়োমিত তদারকি করা হয়। ছাগল লালন পালন করে তারা যেন সংসারের বিভিন্ন প্রয়োজন মেটাতে পারেন।

নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খান, উপকার ভোগীদের বলেন, আপনারা ছাগল নিয়ে গিয়ে বিক্রি করবেননা। ছাগলগুলো যত্নসহকারে লালন পালন করবেন। এসব ছাগল একদিন বাচ্চা দিবে। বংশ বৃদ্ধি হবে। আপনাদের সংসারে সচ্ছলতা আসবে। যাতে করে আপনারা ভালো থাকেন অবহেলিত না থাকেন এজন্যই সরকার এপ্রকল্প হাতে নিয়েছে। নিয়োমিত খোঁজ খবর নেয়া হবে। ছাগলের রোগবালা হলে প্রাণিসম্পদ অফিসে আসবেন, এখান থেকে চিকিৎসা নিবেন।

Ads