সৈয়দপুরে সংরক্ষিত মহিলা এমপি বিলকিস ইসলামকে সংবর্ধনা প্রদান

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি(নীলফামারী)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
সৈয়দপুরে সংরক্ষিত মহিলা এমপি বিলকিস ইসলামকে সংবর্ধনা প্রদান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩২৩ থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য বিলকিস ইসলামকে সংবর্ধনা দিয়েছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৫ মে) সকাল সারে ১০ টায় ঢাকা থেকে বিমানে সৈয়দপুরে এসে পৌঁছালে বিমানবন্দরে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে সেখান থেকে তাকে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে বেলা ১২ টায় আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুল গফুর সরকার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহিন আকতার সাহিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি জিয়াউল হক জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু ও শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন, জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, মহিলা দলের সাধারন সম্পাদক রুপা হোসেন প্রমুখ।

এমপি বিলকিস ইসলাম স্বপ্না বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য ৩১ দফা বাস্তবায়নে যেভাবে কাজ করে যাচ্ছেন, ঠিক সেভাবে আমরা একসাথে কাজ করবো। জনগনের কাতারে গিয়ে সরকারের সফলতার কথা তুলে ধরার আহবান জানিয়ে দলের সকল নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, দল আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছে তা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। প্রতিটি ভালো কাজে আমাকে সাথে পাবেন আপনারা।

আওয়ামী সরকারের সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি নবনির্বাচিত সংসদ সদস্য বিলকিস ইসলাম দলের নেতাকর্মীদের দেওয়া ফুলেল শুভেচ্ছায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এখন থেকে আমাদের কাজ হলো সকল ভেদাভেদ ভুলে দল গোছাতে হবে। দলের সুনাম বৃদ্ধি করতে আমার কাজ হবে দল ও নেতাকর্মীদের পাশে থাকা। ১৭ বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন আমরা একসাথে ছিলাম, আগামিতেও একসাথে থেকে সরকার ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

তিনি সৈয়দপুর-কিশোরগঞ্জসহ পুরো নীলফামারী জেলার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন। তিনি এলাকার সাধারণ মানুষের কল্যাণে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন। বিশেষ করে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় তিনি এলাকার উন্নয়ন কর্মকান্ড আরও এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিস ইসলাম পূর্বেও সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Ads