সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে সাজ সাজ রব

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে সাজ সাজ রব

২৫শে বৈশাখ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারীবাড়ীতে এখন সাজ সাজ রব। ১৬৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে এবার তিনদিন ব্যাপী নানা অনুষ্ঠান মালার মধ্য দিয়ে কবির জন্ম বার্ষিকী পালন করবে রবীন্দ্র অনুরাগিরা। ইতিমধ্যেই শেষ করে আনা হয়েছে বিশ্বকবির স্মৃতিবিজরিত কাচারি বাড়ি ও অডিটোরিয়াম সংস্কার, করা হচ্ছে আলোক-সাজসজ্জা, চলছে নজড়কাড়া সাংস্কৃতিক পরিবেশনার মহড়া।

জানাগেছে,এক সময় রানী ভবানীর জমিদারীর অংশ ছিল শাহজাদপুর, ১৮৪০ সালে মাত্র ১৩ টাকা ১০ আনায় শাহজাদপুরের এই জমিদারী কিনে নেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ১৮৯০ থেকে ১৮৯৭, এই ৮ বছর কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারী দেখাশুনার জন্য শাহজাদপুরে আসতেন এবং বসবাসও করতেন।

এখানে বসেই তিনি রচনা করেছেন কবিতা সোনারতরী, চিত্র, চৈতালী, কল্পনা, ছোটগল্প পোষ্ট মাষ্টার, রাম কানাইয়ের নির্বুদ্ধিতা, ব্যবধান, তারা প্রসন্নের কীর্তি, ছুটি, সমাপ্তি, ক্ষুধিত পাষান, অতিথি, ৩৮ টি ছিন্ন পত্রাবলী প্রবন্ধের অংশ বিশেষ, নাটক বিসর্জন এর মত সাহিত্য কর্ম। পাশাপাশি ভূমিকা রেখেছেন এই অঞ্চলের ব্যাবসা-বানিজ্য, অর্থনীতি, সংস্কৃতি ও শিক্ষার প্রসারে। এখনো যার প্রভাব রয়েছে শাহজাদপুরের মানুষের জীবনাচরনে। ফলে প্রতিবছরেই কবিগুরুর জন্মবার্ষিকী উৎসব উদযাপনে ভিন্ন রকমের অপেক্ষা ও আগ্রহ থাকে এই অঞ্চলের মানুষের মাঝে, সৃষ্টি হয় উৎসবের আমেজ।

এবার ভিন্ন আবহে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজরিত কাচারি বাড়িতে তার ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনের প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক কর্মিরা।

রবীন্দ্র কাচারি বাড়ি অঙ্গনেই নিয়মিত চলছে গান, নৃত্য, গীতিনাট্যের মহড়া। ভিড় করছেন দর্শনার্থীরাও, যেটি ঢলে পরিনত হবে উৎসবের দিনগুলোতে। তবে দর্শনার্থীরা ক্ষোভ প্রকাশ করছেন মিউজিয়ামে প্রবেশের সুযোগ না পাওয়ায়।

এবিষয়ে রবীন্দ্র কাছারি বাড়ির দায়িত্বে নিয়োজিত কাষ্টোডিয়ান শাওলী তালুকদার জানান,রবীন্দ্র জন্মবার্ষিকী উৎসব সফল করতে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। সংস্কার করা হচ্ছে অডিটোরিয়াম ও মিউজিয়াম, চলছে সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ, যেটি উৎসবের আগেই শেষ করা হবে। সার্বক্ষণিক সিসি ক্যামেরাসহ থাকছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার, সাবরিনা শারমিন জানান, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এবারে ২৫, ২৬ ও ২৭শে বৈশাখ কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে থাকবে তিনদিনের আনুষ্ঠানিকতা। ইেিতামধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নেয়া হয়েছে নিরাপত্তার বিশেষ প্রস্তুতি।

৮ই মে ২৫শে বৈশাখ শাহজাদপুর কাচারি বাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উৎসবের উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

Ads